বিশ্বের বিভিন্ন দেশের ডুবুরীদের আকৃষ্ট করতে পারস্য উপসাগরের দেশ বাহরাইনে সাজানো হচ্ছে একটি ডুবো থিম পার্ক। এর আয়তন ১ লাখ বর্গমিটার জুড়ে বিস্তৃত। এতে থাকছে বৈচিত্র্যময় কিছু আয়োজন। দেশটির জাতীয় দৈনিক বাহরাইন নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে।
থিম পার্কটির মূল আকর্ষণ একটি ডুবন্ত বোয়িং ৭৪৭ উড়োজাহাজ। এর দৈর্ঘ্য ৭০ মিটার। তবে পানিতে ডোবানোর আগে বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে আকাশযানটি। সামুদ্রিক পরিবেশের জন্য ক্ষতিকারক সবকিছু অব্যবহারযোগ্য এই বিমান থেকে আগেই সরিয়ে ফেলা হয়।
পার্কে ডাইভিংয়ের জন্য বরাদ্দ জায়গায় আরও থাকবে বাহরাইনি মুক্তা বণিকদের বাড়ির রেপ্লিকা, কৃত্রিম প্রবাল প্রাচীর ও শিল্প ভাস্কর্য। অভিযাত্রীদের জন্য এ বছরের গ্রীষ্মের মধ্যে পার্কটি প্রস্তুত হয়ে যাবে। এখন পুরোদমে কাজ চলছে।
বাহরাইন পর্যটন ও প্রদর্শনী কর্তৃপক্ষ (বিটিইএ), সুপ্রিম কাউন্সিল ফর এনভায়রনমেন্ট ও বেসরকারি খাতের যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে এই জলজ পার্ক। তাদের দাবি, সামুদ্রিক জীববৈচিত্র্যের প্রচারণাই এর লক্ষ্য। বাহরাইনের নতুন এই আকর্ষণ পরিবেশবান্ধব হবে।
যুক্তরাষ্ট্রের মিয়ামিতে ১৯৯৩ সালে বোয়িং ৭২৭ উড়োজাহাজ ডোবানো হয়। তবে ১৯৯৫ সালের গ্রীষ্মে ঘূর্ণিঝড় গর্ডনের কারণে এটি ক্ষতিগ্রস্ত হয়। ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘ইউ.এস. মার্শালস’ ছবিতে দেখানো বোয়িং ৭২৭ বিমানটি ইলিনয়েসে ডুবুরীদের জনপ্রিয় স্থান মারমেট স্প্রিংসে ডোবানো রয়েছে।
কানাডায় ব্রিটিশ কলাম্বিয়ার স্টুয়ার্ট চ্যানেলে ডুবুরীরা সাগরের নিচে বোয়িং ৭৩৭ বিমান দেখতে পান। দুই বছর আগে তুরস্কের এজিয়ান উপকূলের কাছে পানি নিচে কৃত্রিম প্রবালপ্রাচীর হিসেবে রাখা হয় এয়ারবাসের একটি উড়োযান।
বিশ্বব্যাপী ডুবো পর্যটন এখন বেশ আকর্ষণীয়। এর অংশ হিসেবে মালদ্বীপে গড়ে ওঠা ডুবো হোটেলে গা না ভিজিয়ে সাগরের নিচে সামুদ্রিক জীববৈচিত্র্য দেখা যায়। আমেরিকার ফ্লোরিডা উপকূলে আছে ডুবো জাদুঘর। সেখানে ডুবুরীরা মূর্তি ও ভাস্কর্য দেখতে ডাইভ দেন।
সূত্র: সিএনএন








