যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার লরেল হাইল্যান্ডসের দক্ষিণ প্রান্তে অবস্থিত ওহিওপাইল স্টেট পার্ক। পিটসবার্গ থেকে ৮০ মাইলেরও কম দক্ষিণ-পূর্বে অবস্থিত এই পার্কে প্রকৃতির মাঝে পানির নানা রকম রোমাঞ্চ উপভোগের সুযোগ রয়েছে।
পার্কটির অন্যতম আকর্ষণ মেডো রান ন্যাচারাল ওয়াটারস্লাইডস। পানির স্রোতে পাথর ক্ষয়ে তৈরি প্রায় ১০০ ফুট দীর্ঘ এই প্রাকৃতিক জলপথ শেষ হয়েছে একটি সাঁতারের জায়গায়। পাথুরে এই প্রাকৃতিক স্লাইডে নামতে চাইলে পরতে পারেন পুরোনো জিনসের শর্টস বা জিনসের পোশাক, সঙ্গে রাখতে হবে রিভার শু। আর প্রয়োজন হবে সাহসেরও।
আরও একটু এগোলেই দেখা মিলবে মনোরম কিউকাম্বার ফলসের। নাটকীয় বেলেপাথরের ধাপ বেয়ে নিচে নেমে আসা এই জলপ্রপাতের পাদদেশে তৈরি হয়েছে অগভীর জলাধার। সেখানে পানিতে নেমে সময় কাটানোর পাশাপাশি পাথর ও বালির মধ্যে হারিয়ে যাওয়া নানা জিনিস খোঁজার আনন্দও নিতে পারেন।
শুধু জলপ্রপাত আর প্রাকৃতিক জলস্রোতই নয়, পার্কটির আশপাশেও রয়েছে দর্শনীয় স্থান। ওহিওপাইলের মাত্র ১০ মিনিট উত্তরে রয়েছে বিখ্যাত স্থপতি ফ্র্যাঙ্ক লয়েড রাইটের অনন্য স্থাপত্যকর্ম ফলিংওয়াটার।
প্রকৃতির মাঝে জলক্রীড়া, জলপ্রপাতের সৌন্দর্য আর স্থাপত্য সব মিলিয়ে ওহিওপাইল স্টেট পার্ক হতে পারে একদিনের ভ্রমণের দারুণ গন্তব্য।
প্রবেশ ফি: নেই।









