২০২৭ সালের বিশ্বের সেরা ৫০ গন্তব্যের তালিকায় ভারতের দুই স্থান

ফিচার ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫৫আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫৫

কুয়াশায় ঢাকা হিমালয়ের পাহাড় থেকে শুরু করে শতাব্দীপ্রাচীন স্থাপনা, বৈচিত্র্যময় সংস্কৃতি ও মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের কারণে ভ্রমণপিপাসুদের কাছে ভারত বরাবরই আকর্ষণীয়। এবার ২০২৭ সালের ভ্রমণ গন্তব্যের তালিকায় আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে দেশটির দুটি আলাদা বৈশিষ্ট্যের জায়গা। ভ্রমণবিষয়ক প্রকাশনা লোনলি প্ল্যানেটের ২০২৭ সালের বিশ্বের সেরা ৫০ গন্তব্যের তালিকায় জায়গা করে নিয়েছে দার্জিলিং ও গুজরাট।

হিমালয়ের পাদদেশে পশ্চিমবঙ্গে অবস্থিত দার্জিলিং দীর্ঘদিন ধরেই পর্যটকদের আকর্ষণ করে আসছে। কাঞ্চনজঙ্ঘার বিস্তৃত দৃশ্য, সবুজে মোড়া চা-বাগান, ঐতিহ্যবাহী খেলনা ট্রেন এবং ঔপনিবেশিক আমলের স্থাপত্যের কারণে পাহাড়ি এই শহরটি ভ্রমণপ্রেমীদের কাছে বিশেষ জনপ্রিয়।

পশ্চিম ভারতের গুজরাটও ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের জন্য ভ্রমণপ্রেমীদের আকর্ষণ করে। শতাব্দীপ্রাচীন সোপানকূপ ও মন্দির, রঙিন হস্তশিল্প, বন্যপ্রাণী অভয়ারণ্য এবং বিস্তীর্ণ লবণভূমিসহ গুজরাটে রয়েছে বৈচিত্র্যময় অভিজ্ঞতার সমাহার। এর সঙ্গে যুক্ত হয়েছে সমৃদ্ধ খাবারের ঐতিহ্য ও বহু সংস্কৃতির ছাপ।

টয়ট্রেনে দার্জিলিং ভ্রমণ (ছবি: পিক্সেল)

লোনলি প্ল্যানেটের বৈশ্বিক ভ্রমণ বিশেষজ্ঞদের বাছাই করা ৫০টি সুপারিশ নিয়েই তৈরি হয়েছে এই তালিকা। এর মধ্যে ২৫টি ভ্রমণ-অভিজ্ঞতা এবং ২৫টি ভ্রমণগন্তব্য রাখা হয়েছে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে জায়গা করে নিয়েছে চেষ্টা করে দেখার মতো ২৫টি ভ্রমণ-অভিজ্ঞতার তালিকায়। অন্যদিকে গুজরাটকে রাখা হয়েছে ঘুরে দেখার মতো ২৫টি স্থানের তালিকায়।

দার্জিলিংয়ের খেলনা ট্রেনে পাহাড় ভ্রমণ

২০২৭ সালে ভ্রমণপ্রেমীদের জন্য অবশ্যই উপভোগ করার মতো অভিজ্ঞতার তালিকায় জায়গা করে নিয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের যাত্রা। স্থানীয়ভাবে ‘খেলনা ট্রেন’ নামে পরিচিত এই ঐতিহ্যবাহী রেলপথ উনিশ শতকের শেষ দিক থেকে চালু রয়েছে এবং ভারতের পার্বত্য রেলপথগুলোর ইউনেসকো বিশ্ব ঐতিহ্যের অংশ।

সমতল থেকে ধীরে ধীরে পাহাড়ের দিকে উঠে চলা এই ট্রেনের যাত্রাপথও বেশ আকর্ষণীয়। পথে দেখা যায় পাহাড়ি দৃশ্য, সবুজ চা-বাগান এবং আঁকাবাঁকা পাহাড়ি রেললাইন। ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যের কারণে দার্জিলিংয়ের খেলনা ট্রেনকে ২০২৭ সালের উল্লেখযোগ্য ভ্রমণ-অভিজ্ঞতার তালিকায় জায়গা করে দিয়েছে।

দার্জিলিং যাওয়ার সেরা সময়

দার্জিলিং ভ্রমণের জন্য সাধারণত শরৎ ও বসন্তকালকে উপযোগী সময় হিসেবে ধরা হয়। লোনলি প্লানেটের তথ্য অনুযায়ী, অক্টোবর ও নভেম্বর মাসে হিমালয়ের আকাশ তুলনামূলক পরিষ্কার থাকায় পাহাড়ের দৃশ্য ভালোভাবে দেখা যায়। আর মার্চ ও এপ্রিল মাসে মনোরম আবহাওয়ার সঙ্গে বসন্তের নানা রঙে সেজে ওঠে পাহাড়ি পরিবেশ।

গুজরাটের বিস্তীর্ণ লবণ মরুভূমি (ছবি: পিক্সেল)

বৈচিত্র্যময় ভূদৃশ্যে গুজরাট

২০২৭ সালে ঘুরে দেখার মতো ২৫টি গন্তব্যের তালিকায় জায়গা করে নিয়েছে ভারতের গুজরাট। রাজ্যটির বৈচিত্র্যময় প্রাকৃতিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যই তালিকায় স্থান পাওয়ার অন্যতম কারণ হিসাবে তুলে ধরা হয়েছে।

গুজরাটের একদিকে রয়েছে কচ্ছের বিস্তীর্ণ লবণ মরুভূমি, অন্যদিকে গিরের বনাঞ্চল। একই সঙ্গে এখানে রয়েছে সিন্ধু সভ্যতার সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক নিদর্শন, মধ্যযুগীয় স্থাপত্য এবং ইউনেসকোর স্বীকৃত ঐতিহ্যবাহী স্থাপনা।

বন্যপ্রাণী, ইতিহাস ও স্থাপত্যের পাশাপাশি গুজরাটের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রশিল্পও ভ্রমণকারীদের আকর্ষণ করে। প্রাকৃতিক বৈচিত্র্য ও সমৃদ্ধ সংস্কৃতির এই সমন্বয়ই গুজরাটকে ২০২৭ সালের উল্লেখযোগ্য ভ্রমণগন্তব্যগুলোর একটি করে তুলেছে।

গুজরাট ভ্রমণের সেরা সময়

গোটা গুজরাট ঘুরে দেখার জন্য সাধারণত অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত সময়কে সবচেয়ে আরামদায়ক মনে করা হয়। এ সময় আবহাওয়া তুলনামূলক মনোরম থাকায় রাজ্যের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার সুবিধা হয়। বিশেষ করে কচ্ছের রণ ভ্রমণের পরিকল্পনা থাকলে শীতকালকে উপযুক্ত সময় হিসেবে ধরা হয়।

২০২৭ সালের সেরা ভ্রমণতালিকা

লোনলি প্লানেটের ২০২৭ সালের ‘সেরা ভ্রমণ’ তালিকায় মোট ৫০টি সুপারিশ রয়েছে। এর মধ্যে ২৫টি রয়েছে ভ্রমণস্থান এবং বাকি ২৫টি ভ্রমণ-অভিজ্ঞতা। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের খেলনা ট্রেনের মতো বিশেষ অভিজ্ঞতার পাশাপাশি গুজরাটের মতো বৈচিত্র্যময় স্থানও তালিকায় জায়গা পেয়েছে।

২০২৭ সালের সেরা ভ্রমণগন্তব্য

লোনলি প্লানেটের ২০২৭ সালের সেরা ভ্রমণতালিকায় বিশ্বের বিভিন্ন অঞ্চলের ২৫টি স্থান জায়গা পেয়েছে। উত্তর আমেরিকা থেকে এশিয়া, ইউরোপ থেকে আফ্রিকা প্রতিটি অঞ্চলের জন্যই রাখা হয়েছে ভিন্ন ধরনের আকর্ষণ।

উত্তর আমেরিকার তালিকায় রয়েছে কানাডার কুইবেক ও প্রিন্স এডওয়ার্ড দ্বীপ, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উপকূলীয় রেডউড বন, মেরিল্যান্ড ও নিউ মেক্সিকো। ইউরোপের তালিকায় রয়েছে ইতালির ভেনেতো, জার্মানির ডেসাউ, সুইডেনের সুইডিশ রিভিয়েরা, ক্রোয়েশিয়ার শিবেনিক ও স্পেনের লেওন।

ক্যারিবিয়ান, মধ্য ও দক্ষিণ আমেরিকার তালিকায় রয়েছে মন্টসেরাট, আর্জেন্টিনার বারিলোচে ও লেকস অঞ্চল, নিকারাগুয়ার গ্রানাদা এবং পানামার বোকাস দেল তোরো। আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের তালিকায় রয়েছে ওমান, মরক্কোর রাবাত এবং কেনিয়ার সাভো পূর্ব ও পশ্চিম জাতীয় উদ্যান।

ওশেনিয়া অঞ্চলে জায়গা পেয়েছে নিউজিল্যান্ডের ডানেডিন ও ওয়াইতাকি, অস্ট্রেলিয়ার দ্য টুইড এবং নিউ ক্যালেডোনিয়া। এশিয়ার তালিকায় রয়েছে জাপানের ওকিনাওয়া, চীনের চেংদু, ভারতের গুজরাট, ভিয়েতনামের দানাং এবং মালদ্বীপের ফুলিধু।

২৫টি ভ্রমণ-অভিজ্ঞতাও তালিকায়

স্থানের পাশাপাশি ২০২৭ সালের তালিকায় রাখা হয়েছে ২৫টি বিশেষ ভ্রমণ-অভিজ্ঞতা। উত্তর আমেরিকার অংশে রয়েছে রোড আইল্যান্ডের রোজ আইল্যান্ড বাতিঘরে অস্থায়ী তত্ত্বাবধায়ক হিসেবে থাকার সুযোগ, আলাস্কায় আকাশপথে দর্শন, মেক্সিকোর ভালে দে গুয়াদালুপেতে মদ ও উন্নত খাবারের অভিজ্ঞতা, মায়ামির সাউথ বিচের বিভিন্ন হোটেলে থাকার অভিজ্ঞতা এবং মিনেসোটায় ধীরগতির সড়কভ্রমণ।

তালিকার বাকি অভিজ্ঞতাগুলো বিশ্বের অন্যান্য অঞ্চলের খাবার, সংস্কৃতি, প্রকৃতি, ঐতিহ্য ও স্থানীয় জীবনযাপনের সঙ্গে ভ্রমণকারীদের পরিচয় করিয়ে দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছে।

ইউরোপের ভ্রমণ-অভিজ্ঞতা

ইউরোপের তালিকায় রয়েছে ফ্রান্সের রুট নেপোলিয়নে ইতিহাসের পথে সড়কভ্রমণ, সিসিলির এওলিয়ান দ্বীপপুঞ্জে নৌভ্রমণ, যুক্তরাজ্যের সেন্ট কাথবার্টস ওয়ে ধরে লিন্ডিসফার্ন পর্যন্ত হাঁটা এবং গ্রিসের সমুদ্রের নিচের বৈচিত্র্যময় জগৎ ঘুরে দেখা। আয়ারল্যান্ডের কিলারি ফিয়র্ডও রাখা হয়েছে বিশেষ অভিজ্ঞতার তালিকায়।

আমেরিকা অঞ্চলের আকর্ষণ

ক্যারিবিয়ান, মধ্য ও দক্ষিণ আমেরিকার অংশে রয়েছে ইকুয়েডরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে অভিযাত্রী জাহাজে ভ্রমণ, আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সে তালে তালে ট্যাঙ্গো শেখা, অ্যান্টার্কটিকায় বরফশীতল পানিতে নামার অভিজ্ঞতা এবং কোস্টারিকার মন্টেভের্দের মেঘবন ঘুরে দেখার সুযোগ।

আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে নতুন অভিজ্ঞতা

আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের তালিকায় রয়েছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির জাদুঘরগুলো ঘুরে দেখা, তানজানিয়ার গোম্বে জাতীয় উদ্যানে সাফারি অভিযান এবং সাও টোমে ও প্রিন্সিপেতে ভ্রমণ।

ওশেনিয়ার বৈচিত্র্য

ওশেনিয়ার অংশে অস্ট্রেলিয়ার রেড সেন্টারে শিল্প ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়া, সামোয়ায় ফা'আ সামোয়া জীবনধারার অভিজ্ঞতা এবং ফরাসি পলিনেশিয়ায় সমুদ্রভিত্তিক নানা অভিযানের সুযোগ রাখা হয়েছে।

এশিয়ার তালিকায় দার্জিলিং

এশিয়ার ভ্রমণ-অভিজ্ঞতার তালিকায় রয়েছে মালয়েশিয়ায় লম্বা নৌকায় চড়ে ওরাংওটাংয়ের আবাসস্থলের দিকে যাত্রা, জাপানের মিচিনোকু উপকূলীয় পথে ট্রেকিং, তাইওয়ানে খাবারের স্বাদ নিতে বিশেষ ভ্রমণ এবং কাজাখস্তানের রাজধানী আস্তানার স্থাপত্য দেখার সুযোগ।

এর পাশাপাশি ভারতের দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ঐতিহ্যবাহী খেলনা ট্রেনে চড়ার অভিজ্ঞতাও রাখা হয়েছে। ফলে ২০২৭ সালে ভ্রমণের পরিকল্পনা করছেন যারা, তাদের তালিকায় দার্জিলিং ও গুজরাট দুই স্থানই আলাদা আকর্ষণ যোগ করতে পারে।

/এমএএল/
সম্পর্কিত
দাম্পত্য কলহে গোবিন্দকে যে পরামর্শ দিলেন অনুপম খের
স্কুলের আশপাশে যে খাবার বিক্রি বন্ধ করলো ভারত
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
সর্বশেষ খবর
ইরান যুদ্ধে অংশ নেওয়া মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টা
ইরান যুদ্ধে অংশ নেওয়া মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টা
চার ডিজিটাল ব্যাংকের অনুমোদন
চার ডিজিটাল ব্যাংকের অনুমোদন
ঢাকায় স্থগিত পাকিস্তানি শিল্পী মুর্তজা কিজিলবাশের কনসার্ট
ঢাকায় স্থগিত পাকিস্তানি শিল্পী মুর্তজা কিজিলবাশের কনসার্ট
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে আশাবাদী মুশতাক
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে আশাবাদী মুশতাক
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন