বিমানে পাওয়ার ব্যাংক কেন বিপজ্জনক হয়ে উঠতে পারে? কীভাবে নিরাপদে রাখবেন

ফিচার ডেস্ক
১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩০ আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩০

বিমানে ভ্রমণের সময় মোবাইল ফোনের চার্জ ফুরিয়ে যাওয়ার আশঙ্কা এড়াতে অনেকেই সঙ্গে রাখেন পাওয়ার ব্যাংক। তবে ছোট্ট এই যন্ত্রে থাকা লিথিয়াম ব্যাটারি থেকে কখনও কখনও তৈরি হতে পারে বড় বিপদ। সম্প্রতি মাঝআকাশে এক যাত্রীর পাওয়ার ব্যাংকে আগুন লাগার ঘটনায় জরুরি অবতরণ করতে বাধ্য হয় চেন্নাইগামী ইন্ডিগোর একটি বিমান।

গত রবিবার (১১ অক্টোবর) হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। বিমানের ভেতরের একটি ভিডিওতে দেখা যায়, আগুন নেভানোর চেষ্টা করছেন যাত্রীরা। পরে ইন্ডিগোর কেবিন ক্রুরা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে পরিস্থিতি সামাল দেন। হায়দরাবাদ থেকে যাত্রীদের চেন্নাই পৌঁছে দিতে বিকল্প বিমানেরও ব্যবস্থা করা হয়।

এ ঘটনা বিমানযাত্রায় পাওয়ার ব্যাংক বহনের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তাই ভ্রমণের প্রস্তুতি নেওয়ার সময় পাওয়ার ব্যাংক কীভাবে বহন করতে হবে এবং কোন বিষয়ে সতর্ক থাকা জরুরি, তা জেনে নেওয়া প্রয়োজন।

কেন পাওয়ার ব্যাংকে আগুন লাগতে পারে?

পাওয়ার ব্যাংকে সাধারণত লিথিয়াম-আয়ন বা লিথিয়াম-কোবাল্ট অক্সাইড প্রযুক্তির ব্যাটারি সেল ব্যবহার করা হয়। ছোট আকারের এই ব্যাটারিতে যথেষ্ট পরিমাণ শক্তি সঞ্চিত থাকে। কিন্তু ব্যাটারি নিম্নমানের হলে, উৎপাদনে ত্রুটি থাকলে কিংবা সেটি ক্ষতিগ্রস্ত হলে আগুন লাগার ঝুঁকি বেড়ে যায়। পুরনো বা পুনর্ব্যবহৃত ব্যাটারির ক্ষেত্রেও সতর্ক থাকা জরুরি।

পাওয়ার ব্যাংক চার্জ দেওয়ার সময় কিংবা সেটি দিয়ে মোবাইল ফোন বা অন্য কোনও যন্ত্র চার্জ করার সময় তাপ তৈরি হয়। সাধারণ পরিস্থিতিতে এই তাপ বিপজ্জনক নয়। কিন্তু ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে গেলে বা তাপ বেরিয়ে যাওয়ার সুযোগ না থাকলে তাপমাত্রা দ্রুত বেড়ে যেতে পারে। এর ফলে ব্যাটারির ভেতরে বিপজ্জনক রাসায়নিক বিক্রিয়া শুরু হয়ে আগুন লাগতে পারে।

যুক্তরাজ্যের ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরির ব্যাটারি প্রযুক্তিবিশেষজ্ঞ পিয়ের কুবিয়াক বিবিসিকে জানিয়েছেন, এ ধরনের আগুনের ঘটনায় ব্যাটারির তাপমাত্রা দ্রুত ৭০০ থেকে ১,০০০ ডিগ্রি পর্যন্ত পৌঁছতে পারে। ব্যাটারির ভিতরে থাকা রাসায়নিক পদার্থ ও প্লাস্টিকের অংশেও আগুন ধরে যেতে পারে। বিমানের মতো বদ্ধ জায়গায় আগুন থেকে তৈরি হওয়া তাপ ও ধোঁয়া যাত্রীদের জন্য গুরুতর বিপদের কারণ হতে পারে।

বিমানে পাওয়ার ব্যাংক কোথায় রাখবেন?

ইন্ডিগোর সরকারি ওয়েবসাইটের নির্দেশিকা অনুযায়ী, পাওয়ার ব্যাংক এবং অতিরিক্ত বা আলগা লিথিয়াম ব্যাটারি শুধুমাত্র হ্যান্ড ব্যাগেজে বহন করা যায়। অর্থাৎ, এগুলি চেক-ইন করা লাগেজে রাখা যাবে না। তবে বিমান সংস্থা ও সংশ্লিষ্ট দেশের নিয়ম অনুযায়ী বহনের শর্তে পার্থক্য থাকতে পারে। তাই যাত্রার আগে নিজের বিমান সংস্থার নির্দেশিকা দেখে নেওয়া জরুরি।

পাওয়ার ব্যাংক এমন জায়গায় রাখা উচিত, যেখান থেকে প্রয়োজনে সহজেই সেটি বের করা যায়। কেবিন ব্যাগে বা নিজের কাছে রাখলে ব্যাটারিতে অস্বাভাবিক তাপ, ধোঁয়া কিংবা অন্য কোনও সমস্যা দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া সহজ হতে পারে। সিটের নীচে বা সিটের পকেটে রাখার বিষয়ে বিমান সংস্থার নির্দেশনা মেনে চলুন।

ভ্রমণের আগে যে সতর্কতাগুলি জরুরি

পাওয়ার ব্যাংক ব্যবহারের ক্ষেত্রে কয়েকটি বিষয় মাথায় রাখা প্রয়োজন। ফুলে যাওয়া, ফেটে যাওয়া, অতিরিক্ত গরম হওয়া বা অন্য কোনওভাবে ক্ষতিগ্রস্ত পাওয়ার ব্যাংক বিমানে বহন করা উচিত নয়। স্বীকৃত প্রস্তুতকারকের তৈরি মানসম্পন্ন পণ্য ব্যবহার করুন এবং চার্জ দেওয়ার সময় সেটিকে বিছানা, কাপড় বা অন্য কোনও তাপ-নিরোধক বস্তুর নীচে ঢেকে রাখবেন না। পাওয়ার ব্যাংককে সরাসরি রোদে বা অতিরিক্ত গরম জায়গায় রাখাও এড়িয়ে চলুন।

বিমানে পাওয়ার ব্যাংক চার্জ দেওয়া বা সেটি দিয়ে অন্য যন্ত্র চার্জ করার অনুমতি সংস্থা অনুযায়ী আলাদা হতে পারে। তাই যাত্রার আগে নিয়ম জেনে নিন। বিমানের ভেতরে পাওয়ার ব্যাংক থেকে ধোঁয়া বেরোতে দেখলে, সেটি অস্বাভাবিক গরম হয়ে গেলে বা আগুন লাগলে নিজে থেকে সামলানোর চেষ্টা না করে অবিলম্বে কেবিন ক্রুকে জানান এবং তাঁদের নির্দেশ মেনে চলুন।

পাওয়ার ব্যাংক ভ্রমণের গুরুত্বপূর্ণ সঙ্গী হলেও নিরাপত্তার বিষয়ে কোনও আপস করা উচিত নয়। সঠিক মানের যন্ত্র বেছে নেওয়া, নিয়ম মেনে বহন করা এবং বিমানে ওঠার আগে প্রয়োজনীয় নির্দেশিকা জেনে নেওয়াই নিরাপদ যাত্রার জন্য জরুরি।

/এমএএল/
সম্পর্কিত
সৌদি আরবের ১০০ ফ্লাইট বাতিল, আটকা পড়লেন ১৫৩৯৩ যাত্রী
চেক-ইন লাগেজে পাওয়ার ব্যাংক, নিরাপত্তা ঝুঁকিতে উড্ডয়নের আগেই ফিরে এলো বিমান
রিয়াদ-দাম্মাম রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট বাতিল
সর্বশেষ খবর
খুলনায় বিশেষ অভিযানে গ্রেফতার ২৮৯
খুলনায় বিশেষ অভিযানে গ্রেফতার ২৮৯
ঋণদাতা দুই সংস্থার কাছে সাড়ে ১৪ বিলিয়ন ডলার চায় বাংলাদেশ
ঋণদাতা দুই সংস্থার কাছে সাড়ে ১৪ বিলিয়ন ডলার চায় বাংলাদেশ
হরমুজে ক্ষেপণাস্ত্রের আঘাতে ডুবলো ২ জাহাজ, প্রাণ গেলো নাবিকের
হরমুজে ক্ষেপণাস্ত্রের আঘাতে ডুবলো ২ জাহাজ, প্রাণ গেলো নাবিকের
যে নদীর জলে নৌকা ভাসে শূন্যে
যে নদীর জলে নৌকা ভাসে শূন্যে
সর্বাধিক পঠিত
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
চাকরিতে অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট
চাকরিতে অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট