উড়োজাহাজ বিধ্বস্ত হলে কী করবে বিমানবন্দর, চলে জরুরি প্রস্তুতির পরীক্ষা

ফিচার ডেস্ক
২০ অক্টোবর ২০২৬, ২০:০০ আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ২০:০০

বিমানবন্দরে উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে- এমন জরুরি বার্তা পাওয়ার পরই ছুটে গেলো দমকলের গাড়ি। রানওয়েতে পড়ে থাকা যাত্রীরা সাহায্যের জন্য চিৎকার করছেন। কেউ গুরুতর আহত, কেউ নিখোঁজ, আবার কেউ প্রাণ হারিয়েছেন। চারদিকে ধোঁয়া, ছড়িয়ে-ছিটিয়ে আছে লাগেজ। তবে এটি কোনও বাস্তব দুর্ঘটনা নয়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্যোগ মোকাবিলার একটি মহড়া।

প্রায় দুই ঘণ্টার এই মহড়ায় শতাধিক জরুরি সাড়াদানকারী অংশ নেন। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের নিয়ম অনুযায়ী, বাণিজ্যিক বিমানবন্দরগুলোকে প্রতি তিন বছরে অন্তত একবার এ ধরনের পূর্ণাঙ্গ মহড়া আয়োজন করতে হয়। উদ্দেশ্য, দুর্ঘটনার সময় বিভিন্ন সংস্থা কত দ্রুত ও সমন্বিতভাবে কাজ করতে পারে, তা যাচাই করা।

মহড়ায় শিক্ষার্থী ও স্থানীয় সেবামূলক সংগঠনের সদস্যসহ শতাধিক স্বেচ্ছাসেবক আহত যাত্রীর ভূমিকায় অংশ নেন। সাদা টি-শার্ট ও পরিচয়পত্র পরা কেউ রানওয়েতে শুয়ে সাহায্যের জন্য চিৎকার করেন, আবার কাউকে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে নেওয়া হয়। মৃত ব্যক্তিদের বোঝাতে ব্যবহার করা হয় কাপড়ের পুতুল। দুর্ঘটনার দৃশ্য বাস্তবসম্মত করতে ধোঁয়া তৈরির যন্ত্রও ব্যবহার করা হয়।

মহড়ার জন্য ডেলটা এয়ারলাইনসের একটি অক্ষত এয়ারবাস এ৩৩০-৯০০ উড়োজাহাজ ব্যবহার করা হয়। দমকলকর্মীরা উড়োজাহাজের পেছনের দরজা দিয়ে যাত্রীদের নামিয়ে আনেন এবং তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নেন। পাশাপাশি, কাল্পনিক আগুন নেভাতে দমকল বিভাগ ও বিমানবন্দরের উড়োজাহাজ উদ্ধার ও অগ্নিনির্বাপণ বিভাগের কর্মীরা একসঙ্গে কাজ করেন।

উড়োজাহাজের গায়ে ছিদ্র করে ভেতরে পানি বা অগ্নিনির্বাপণ ফোম পৌঁছে দেওয়ার বিশেষ যন্ত্র ‘স্নুজল’ও প্রস্তুত রাখা হয়। বাস্তব দুর্ঘটনায় আগুন নিয়ন্ত্রণে এ ধরনের সরঞ্জাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মহড়ার আগে উদ্ধারকর্মীদের দুর্ঘটনার বিস্তারিত জানানো হয়নি। ফলে আকস্মিক পরিস্থিতিতে তাঁদের সিদ্ধান্ত নেওয়া ও সমন্বিতভাবে কাজ করার সক্ষমতা যাচাই করা সম্ভব হয়। ঘটনাস্থলে স্থাপন করা হয় ভ্রাম্যমাণ নিয়ন্ত্রণকেন্দ্র। সেখান থেকে কর্মকর্তারা উদ্ধারকারী দলগুলোর অবস্থান পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজন অনুযায়ী সহায়তা পাঠান।

যারা হেঁটে দুর্ঘটনাস্থল থেকে বেরিয়ে আসতে পেরেছেন, তাদের বাসে অপেক্ষা করতে বা স্বজনদের সঙ্গে পুনর্মিলনের জন্য নির্ধারিত স্থানে যেতে বলা হয়। সেখানে যাত্রীদের মালপত্র হারানো, সংযোগকারী ফ্লাইট ধরতে পারা এবং পরিবারের সঙ্গে যোগাযোগের মতো বিষয়গুলো সামলানোর অনুশীলনও করা হয়।

কেনেডি, লাগার্ডিয়া ও নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনাকারী পোর্ট অথরিটির এভিয়েশন বিভাগের পরিচালক সারাহ ম্যাককিওনের মতে, বাস্তব জরুরি পরিস্থিতিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো নিরাপদ ও সুশৃঙ্খলভাবে উদ্ধারকাজ পরিচালনা করা। নিয়মিত প্রশিক্ষণ ও মহড়া এ ক্ষেত্রে প্রস্তুতি বাড়ায়।

মহড়া শেষে কর্মকর্তারা কোন কাজগুলো ভালো হয়েছে এবং কোথায় উন্নতি প্রয়োজন, তা নিয়ে আলোচনা করেন। বিমানবন্দরের মহাব্যবস্থাপক তেরেসা রিজুতো জানান, সামগ্রিকভাবে মহড়া নির্ধারিত লক্ষ্য পূরণ করেছে। তবে স্বজনদের সঙ্গে পুনর্মিলনের নির্ধারিত স্থানে যোগাযোগব্যবস্থা আরও উন্নত করার প্রয়োজন রয়েছে।

রিজুতোর ভাষ্য, এই মহড়া বাস্তব জরুরি পরিস্থিতিতে বিমানবন্দর ও সহযোগী সংস্থাগুলোর একযোগে কাজ করার সক্ষমতা এবং আত্মবিশ্বাস বাড়িয়েছে। তার আশা, কখনও বাস্তব বিপর্যয় ঘটলে প্রস্তুত দলগুলো দ্রুত ও কার্যকরভাবে পরিস্থিতি সামাল দিতে পারবে।

 

সূত্র: দ্যা নিউ ইয়র্ক টাইমস

/এমএএল/
সম্পর্কিত
দিল্লি-ওসাকা রুটে ফ্লাইট চালু করছে এয়ার ইন্ডিয়া
শাহজালালে অগ্নিকাণ্ডের একবছর: কতটা বদলালো কার্গো এলাকার নিরাপত্তা
ইকোনমি ক্লাসে বেশি লেগরুম যেসব বিমান সংস্থায়
সর্বশেষ খবর
ওপেনএআইয়ের সভাকক্ষে আড়ি পাতার যন্ত্র, যুক্তরাষ্ট্রে সৌদি নাগরিক গ্রেফতার
ওপেনএআইয়ের সভাকক্ষে আড়ি পাতার যন্ত্র, যুক্তরাষ্ট্রে সৌদি নাগরিক গ্রেফতার
রাজকন্যা হওয়ার মোহে আটকে যাচ্ছে মন? কী এই ‘প্রিন্সেস সিনড্রোম’
রাজকন্যা হওয়ার মোহে আটকে যাচ্ছে মন? কী এই ‘প্রিন্সেস সিনড্রোম’
প্রজননস্বাস্থ্যের বাইরেও নারীদের স্বাস্থ্য নিয়ে ভাবনা
প্রজননস্বাস্থ্যের বাইরেও নারীদের স্বাস্থ্য নিয়ে ভাবনা
বাংলাদেশে জন্মেছি, এখানেই আমাদের থাকতে হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশে জন্মেছি, এখানেই আমাদের থাকতে হবে: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত