পাহাড়, সমুদ্র, বন বা নদীর তীরে টেন্টে রাত কাটানো দারুণ এক অভিজ্ঞতা। শহরের ব্যস্ততা ছেড়ে প্রকৃতির কাছাকাছি থাকার এই অভিজ্ঞতা অত্যন্ত রোমাঞ্চকর। তবে সুন্দর এই ভ্রমণ উপভোগ করতে হলে কিছু প্রস্তুতি ও সতর্কতা জরুরি। একটু অসাবধানতা পুরো ভ্রমণকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে।
সঠিক জায়গা নির্বাচন করুন
টেন্ট বসানোর জন্য সমতল, শুকনো ও নিরাপদ জায়গা নির্বাচন করুন। পাহাড়ি এলাকায় খাড়া ঢালের নিচে বা নদী-ঝরনার একেবারে পাশে টেন্ট না বসানোই ভালো। কারণ খাড়া ঢালের নিচে বা পাথর গড়িয়ে পড়তে পারে। আবার নদী বা ঝরনার খুব কাছে টেন্ট বসালে হঠাৎ পানি বেড়ে যাওয়ার আশঙ্কা থাকতে পারে।
আবহাওয়ার খবর জেনে নিন
রওনা হওয়ার আগে আবহাওয়ার পূর্বাভাস দেখে নিন। ভারী বৃষ্টি, ঝড় বা বজ্রপাতের সম্ভাবনা থাকলে ভ্রমণের পরিকল্পনা বদলে দেওয়াই নিরাপদ।
মানসম্মত টেন্ট ব্যবহার করুন
ভালো মানের, জলরোধী (ওয়াটারপ্রুফ) এবং সঠিক আকারের টেন্ট ব্যবহার করুন। সঙ্গে অতিরিক্ত পেগ, গাই রোপ ও একটি গ্রাউন্ডশিট রাখুন, যাতে বৃষ্টি বা আর্দ্রতা থেকে সুরক্ষা পাওয়া যায়।
প্রয়োজনীয় সরঞ্জাম সঙ্গে রাখুন
টর্চ বা হেডল্যাম্প, অতিরিক্ত ব্যাটারি, ফার্স্ট-এইড কিট, পাওয়ার ব্যাংক, ম্যাচ বা লাইটার, মাল্টিটুল, পর্যাপ্ত খাবার এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখুন।
আবহাওয়া অনুযায়ী পোশাক নিন
টেন্টে গেলে অবশ্যই পোশাক বাছাইয়ে গুরুত্ব দিন। রাতে তাপমাত্রা কমে যেতে পারে, তাই গরম কাপড় রাখুন। বৃষ্টির সম্ভাবনা থাকলে রেইনকোট বা জলরোধী জ্যাকেট সঙ্গে নিন।
বন্যপ্রাণী সম্পর্কে সতর্ক থাকুন
খাবার খোলা অবস্থায় বা টেন্টের ভেতরে ছড়িয়ে রাখবেন না। এতে পোকামাকড় বা বন্যপ্রাণী আকৃষ্ট হতে পারে। প্রয়োজনে স্থানীয়দের কাছ থেকে এলাকার ঝুঁকি সম্পর্কে জেনে নিন।
আগুন ব্যবহারে সতর্কতা
ক্যাম্পফায়ার করলে নির্ধারিত স্থানে করুন। আগুন জ্বালিয়ে কখনোই নজরদারি ছাড়া রেখে যাবেন না। স্থান ছাড়ার আগে নিশ্চিত করুন, আগুন পুরোপুরি নিভে গেছে।
পরিবেশ পরিষ্কার রাখুন
প্লাস্টিক, বোতল বা অন্য কোনও বর্জ্য ফেলে আসবেন না। প্রকৃতিকে যেভাবে পেয়েছেন, সম্ভব হলে তার চেয়েও পরিষ্কার রেখে আসার চেষ্টা করুন।
নিজের নিরাপত্তা নিশ্চিত করুন
একা টেন্টিংয়ে গেলে পরিবারের কাউকে বা বন্ধুকে আপনার অবস্থান ও সম্ভাব্য ফেরার সময় জানিয়ে রাখুন। মোবাইল চার্জে রাখুন এবং প্রয়োজনে অফলাইন ম্যাপ ডাউনলোড করে রাখুন।
স্থানীয় নিয়ম মেনে চলুন
অনেক এলাকায় অনুমতি ছাড়া টেন্ট বসানো যায় না। স্থানীয় কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট প্রশাসনের নিয়ম জেনে নিন এবং সেগুলো মেনে চলুন।









