ঈদে ঘরমুখো মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, সড়ক ও মহাসড়কগুলো যানজট ও চাঁদাবাজিমুক্ত রাখতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সঙ্গে বৈঠক শেষে বৃহস্পতিবার বিকেলে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্ঘটনাপ্রবণ পয়েন্টগুলো চিহ্নিত করে সেসব স্থানে পর্যবেক্ষণ টাওয়ার বসানো হয়েছে। পুলিশের পাশাপাশি বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত ১৫ হাজার আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। ঈদকে সামনে রেখে তৎপর অজ্ঞান ও মলম পার্টির প্রায় ২শ’ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
পোশাক শিল্পসহ সব কল-কারখানার শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের জন্য মালিকদের প্রতি আহবান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল আরও বলেন, ঈদের আগে প্রতিবছর বেতন-বোনাস নিয়ে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। আন্দোলন শুরু হয়। এমন পরিস্থিতি এড়াতে ঈদের আগে বেতন-বোনাস পরিশোধ করা জরুরি। তিনি বলেন, দেশে পাঁচ হাজার ৭৩৮টি পোশাকশিল্প-কারখানা রয়েছে। বেতন-ভাতা ও বোনাস পরিশোধের সুবিধার্থে ঈদের সরকারি ছুটির নয় দিনের মধ্যে তিন দিন ২, ৩ ও ৪ জুলাই কয়েকটি ব্যাংক খোলা রাখা হবে।
/জেইউ/এমএনএইচ/








