মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসির স্থান নির্ধারণ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন। তিনি বলেন, ‘কোন কারাগারে মীর কাসেমের ফাঁসি কার্যকর করা হবে, তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। বুধবার প্রেসবিফিংকালে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মীর কাসেম আলী কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ বন্দি রয়েছেন। ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ হওয়ার রায় বুধবার সকালে মীর কাসেম আলীকে পড়ে শোনানো হয়েছে। কাশিমপুর কারা কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, মঙ্গলবার দিবাগত রাত পৌনে একটার দিকে পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি কাশিমপুর কারাগারে পৌঁছালে বুধবার সকাল সাড়ে সাতটার দিকে মীর কাসেমকে রায় পড়ে শোনানো হয়।
এরপর দুপুরে তার সঙ্গে দেখা করতে পরিবারের সদস্যরা কাশিমপুর কারাগারে যান। পরিবারের সদস্যরা বেরিয়ে সাংবাদিকদের জানান, ‘মীর কাসেম তার নিখোঁজ সন্তানের সন্ধান চান সরকারের কাছে।’ পরিবারের দাবি, ‘মীর কাসেমের ছেলেকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে নিয়ে যাওয়া হলেও কোনও খবর পরিবারকে দেওয়া হচ্ছে না।’
এর আগে মঙ্গলবার সকালে এই রায় ঘোষণার পর বিকালে পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। বিকালেই রায়ের অনুলিপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যায়। সেখান থেকে রায়ের অনুলিপি কাশিমপুর কারাগারে পাঠানো হয়। তবে কোথায় মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
/ইউআই/এমএনএইচ/








