রাজধানীর কদমতলীর ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকায় আবদুল্লাহ (৭) নামের এক শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগে মামলা করেছে শিশুর পরিবার। বুধবার রাতে শিশু আবদুল্লাহর বাবা গোলাম মোস্তফা বাদি হয়ে কদমতলী থানায় মামলাটি দায়ের করেন।
কদমতলী থানার এসআই আজাহারুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান ‘গতকাল রাতেই আবদুল্লাহর বাবা বাদি হয়ে মামলা করেছে। আসামি অজ্ঞাত। আমরা সন্দেহবাজন কয়েকজনকে আটক করেছিলাম জিজ্ঞাসাবাদের জন্য। পরে তাদের ছেড়ে দেই।’
পুলিশের কাছে ওই শিশুর মা আয়েশা বেগম জানান, খবর পেয়ে তিনি ঢাকা ম্যাচ ফ্যাক্টরির ভেতরে গিয়ে দেখি তার ছেলে আবদুল্লাহর মাথা কাদায় মধ্যে ডুবে আছে। তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার হয়। পরে বিকাল সাড়ে তিনটায় কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ঢামেক কর্তব্যরত চিকিৎসক জানায়, শিশুটির মাথায় জখম ছিল। শরীরের বিভিন্নস্থানেও মারধরের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
শিশুর আব্দুল্লাহর মা আয়েশা বেগম বিভিন্ন মেসে ও বাসা বাড়িতে গৃহকর্মীর কাজ করেন। তার স্বামী গোলাম মোস্তফা স্থানীয় একটি বিদ্যুৎ অফিসে চাকরি করেন। তাদের দুই শিশু সন্তানের মধ্যে আবদুল্লাহ বড়। ঢাকা ম্যাচ ফ্যাক্টরি সংলগ্ন সাব্বিরের বাড়িতে তারা ভাড়া থাকেন। কাজে যাওয়ার সময় শিশু দুজনকে বাসাতেই রেখে যান তারা।
/আরজে/এনএস/








