রাজধানীর অভিজাত এলাকা গুলশান থেকে রাণী (৩৫) নামে এক নারীর লাশ উদ্ধারের পর ‘দুর্ঘটনায় মৃত্যু’ বলে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে রেখে যায় গুলশান থানা পুলিশ। পরে ঢামেকে ময়নাতদন্তে ওই নারীর শরীর থেকে দুটি গুলি উদ্ধার করা হয়। শনিবার দুপুরে হাসপাতালের ফরেনসিক বিভাগের চেয়ারম্যান সোহেল মাহমুদ এ তথ্য জানিয়েছেন।
সোহেল মাহমুদ বলেন, ‘উদ্ধারকৃত নারীর বুকের বামপাশ থেকে দুটি গুলি বের করা হয়েছে। মর্গের রেজিস্ট্রার খাতা অনুযায়ী শুক্রবার রাত ১টা ৪০ মিনিটে গুলশান থানা পুলিশ সড়ক দুর্ঘটনায় মৃত্যু দেখিয়ে ওই নারীর লাশ হাসপাতালে রেখে গিয়েছিলো।’
এর আগে, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে গুলশান ৪৭ নাম্বার রোডে লেকের পাশে একটি গলি থেকে অজ্ঞাত এক নারীর মৃতদেহ উদ্ধার করে ঢামেক নিয়ে আসে পুলিশ। শনিবার সন্ধ্যায় নিহতের স্বজনরা এসে লাশ সনাক্ত করেন। নিহতের নাম রাণী (৩৫)। এক ছেলে ও এক মেয়ের মধ্যে শুধুমাত্র মেয়েকে নিয়ে তিনি থাকতেন কুড়িল বিশ্বরোডের কাজীবাড়ি এলাকায়।
নিহত রাণীর বড়বোন শাহনাজ বাংলা ট্রিবিউন’কে বলেন, ‘পাঁচ বছর আগে স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয় রাণীর। ছেলে থাকে বাবার সঙ্গে আর মেয়েকে সঙ্গে নিয়ে থাকতো সে। শুক্রবার রাতে মেয়েকে আমার কাছে রেখে বাইরে যায় রাণী। এরপর সে আর ফেরেনি।’ রাণী বেশিরভাগ সময় রাতে বাইরে কাটাতো বলেও জানান তিনি।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, নিহতের লাশ শনাক্ত হয়েছে। পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হচ্ছে।
/আরজে/এমও/








