সোনা চোরাচালানের এক মামলায় চার্জশিট দিতে গাফিলতি করায় তার ব্যাখ্যা দিতে রাজধানী বিমানবন্দর থানার ও সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তাকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ২২ মে এই দুই পুলিশ কর্মকর্তাকে হাজির হতে বলা হয়েছে। সোমবার এই মামলার আসামির জামিন শুনানিকালে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোরশেদ। শুনানি শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘২০১৬ সালের জানুয়ারি মাসে দুবাই থেকে ঢাকাগামী ফ্লাইটের যাত্রী মফিজুল ইসলামের কাছ থেকে ১৩ পিস স্বর্ণের বার উদ্ধার করে পুলিশ।পরে বিমানবন্দর থানায় মামলা করা হয়।’
ওই মামলায় আসামি মফিজুল ইসলাম বিচারিক আদালতে জামিন চেয়ে ব্যর্থ হয়ে হাইকোর্টে জামিন আবেদন করেন। ওই জামিন আবেদনের শুনানিকালে আদালত দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও মামলার চার্জশিট না দেওয়ায় বিমানবন্দর থানার কর্মকর্তা ও সংশ্লিষ্ট তদন্তকারী পুলিশ কর্মকর্তাকে তলব করেন।
/এমটি/ইউআই/এমএনএইচ/







