জঙ্গি নেতা আরিফ হাসান সুমনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত রয়েছে। তাকে নির্দোষ দাবি করে আইনজীবী এ এস এম শাহজাহান বুধবার যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন। এরপর যুক্তিতর্ক উপস্থাপন করেন আইনজীবী মিজানুর রহমান। আগামী ১২ ফেব্রুয়ারি পরবর্তী ধার্য তারিখে সুমনের পক্ষে অসমাপ্ত যুক্তিতর্ক উপস্থাপন করবেন আইনজীবী মিজানুর রহমান। রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারের সামনে গণপূর্তের পুরাতন একটি ভবনে অবস্থিত ঢাকার দ্রুত বিচার আদালত-১-এর বিশেষ এজলাসে বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে এ মামলার বিচার কার্যক্রম চলছে।
বুধবার দুপুর পৌনে ১২টার দিকে আদালতের কার্যক্রম শুরু হয়। শেষ হয় দুপুর দেড়টার দিকে। আগামী ১২, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি মামলার পরবর্তী কার্যদিবস ধার্য করে আদালতের কার্যক্রম মুলতবি করেন বিচারক।
এর আগে এ মামলায় পলাতক আসামি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মাওলানা লিটন ওরফে জুবায়ের, মুফতি সফিকুর রহমান, মো. ইকবাল, মাওলানা তাজউদ্দিন, জাহাঙ্গীর আলম বদর, রাতুল আহমদ বাবু, মহিবুল মোত্তাকিন, হানিফ পরিবহনের মালিক মো. হানিফ, মো. খলিল, বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, বিএনপি নেতা হারিছ চৌধুরী, আনিসুল মোরসালিন ও মুফতি আবদুল হাইয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন। এ মামলায় আটক আসামি রুহুল আমিন ওরফে উজ্জ্বল ওরফে রতন, মুন্সী মুহিবুল্লাহ ওরফে অভি, আবদুল হান্নান ওরফে মাওলানা সাব্বির, হাফেজ মাওলানা ইয়াহিয়া, আসামি মাওলানা মো. সাঈদ ওরফে ডাক্তার জাফরের পক্ষে তাদের নিযুক্ত আইনজীবীরা যুক্তিতর্ক শেষ করেন।
বুদবার বিচার কার্যক্রম চলার সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, আবু আবদুল্লাহ ভুঞা ও ফারহানা রেজা প্রমুখ।







