রাজধানীর পুরান ঢাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে রওনক (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ মার্চ) বেলা ১২টার দিকে শাখারীবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রওনক আজিমপুর নিউ পল্টন লাইন স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করতেন। তিনি ওই কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। রওনক তার বন্ধু মামুন, ফাহিম, অমিতের সঙ্গে দোল পূর্ণিমা উপলক্ষে হলি উৎসবে যোগ দিয়েছিলেন।
রওনকের বন্ধু ফাহিম জানান, কামরাঙ্গীরচর রনি মার্কেট এলাকায় রওনকের বাসা। প্রতি বছরই তারা এ উৎসবে আসেন। বৃহস্পতিবার উৎসব চলার সময় দুপুর ১২টার দিকে রওনককে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন তারা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রওনকের শরীরের বাম পাশে জখম হয়েছে। আহত অবস্থায় রওনককে তার বন্ধুরা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। বৃহস্পতিবার সোয়া ১টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে কে বা কারা রওনককে ছুরিকাঘাত করেছে তা জানাতে পারেননি তার বন্ধুরা। এ বিষয় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মশিউর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এমন একটি ঘটনার খবর শুনেছি, তবে এখনও নিশ্চিত নই। আমরা খোঁজ নিচ্ছি।’







