রাজধানীর হাজারীবাগ থানার ঝিগাতলায় ছুরিকাঘাতে মামুন (৩০) নামের এক নিরাপত্তাকর্মী খুন হয়েছেন। বুধবার (৪ এপ্রিল) দিবাগত রাত সোয়া ২ টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রাত ১০ টার দিকে হাজারীবাগের ঝিগাতলার গাপতলা মসজিদের পাশে মনেশ্বর রোড়ে তাকে ছুরিকাঘাত করা হয়।
রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আব্দুল্লাহিল কাফি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিরাপত্তাকর্মী মামুন বাসার সামনে ওই তরুণকে আড্ডা দিতে নিষেধ করলে সে ক্ষিপ্ত হয়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।’ তিনি বলেন, ‘সে এলাকার একটি ফাস্টফুডের দোকানে কাজ করতো। ঘটনার পর থেকে সে পলাতক।’
হাজারীবাগ থানা সূত্রে জানা গেছে, বুধবার বিকালে শাওন নামে এক তরুণ বাসার সামনে আড্ডা দিতে আসে। বাসার নিরাপত্তার স্বার্থে তাকে আড্ডা দিতে নিষেধ করলে শাওন নিরাপত্তাকর্মীর ওপর হামলা চালায়। এসময় নিরাপত্তাকর্মীও তার হাতে থাকা লাঠি দিয়ে শাওনকে আঘাত করে। পরে শাওন সেখান থেকে তার বাসা গিয়ে একটি ছুরি এনে রাতে ওই নিরাপত্তাকর্মীকে ছুরিকাঘাত করে।
পুলিশ জানায়, এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।








