রাজধানীর খিলগাঁও দক্ষিণ গোড়ান এলাকায় ম্যানহোল থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর লাশের পরিচয় শনাক্ত হয়েছে। তার নাম পারভীন আক্তার (৩৫)। বুধবার (৫ সেপ্টেম্বর) দুপুরে তার স্বজনরা ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে এসে লাশ শনাক্ত করেন।
মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উত্তর গোড়ান নবীনবাগ এলাকার ৪০৯/৩ নম্বর বাসার পাশের একটি ম্যানহোল থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠায়। এসময় তার গলায় ওড়না পেঁচানো ছিল।
নিহতের ছেলে মোহাম্মদ পারভেজ জানান, তার মায়ের নাম পারভীন আক্তার। তারা যাত্রাবাড়ীর মাতুয়াইল কাউন্সিল এলাকায় থাকেন। তার মা এলাকাতে ফেরি করে কাপড় বিক্রি করতেন। গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার দক্ষিণ রাম গোপালপুর।
পারভেজ জানান, তার বাবা মুকুল হোসেনের সঙ্গে প্রায় ১০ বছর আগে তার মায়ের বিবাহ বিচ্ছেদ হয়। গত বছর খানেক আগে সাগর (৩০) নামের একজনের সঙ্গে প্রেম করে তার মায়ের বিয়ে হয়। সাগর গুলিস্তানে বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠানে খাবার পানি সরবরাহ করে।
নিহতের ছেলে মোহাম্মদ পারভেজ জানান, গত ২৯ আগস্ট বিকালে পারভীন কাপড় বিক্রির জন্য বাসা থেকে বের হন। এরপর সন্ধ্যার দিকে ছেলে পারভেজের সঙ্গে কথা হয় তার মায়ের। পরে অনেক রাত হয়ে গেলেও তিনি বাসায় না ফেরায় রাত ১২টার দিকে ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়। এরপর আর কোনও হদিছ পাওয়া যাচ্ছিল না তার। যাত্রাবাড়ী ও খিলগাঁও থানাসহ পাশের বিভিন্ন থানায় তার সন্ধানের জন্য যোগাযোগ করা হয়। পরে মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) খিলগাঁও থানা পুলিশের মাধ্যমে খবর পেয়ে বুধবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে এসে তারা লাশ শনাক্ত করেন।








