ইউটিউব চ্যানেল এসকে টিভিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে গুজব ছড়ানো মামলায় দুই জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (৭ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম আহসান হাবিব এ আদেশ দেন।
রিমান্ডের আসামিরা হলো—খালেদ বিন আহমেদ ও মো. হিজবুল্লাহ দেওয়ান।
এর আগে রবিবার বিকালে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার (উপ-পরিদর্শক) আনোয়ার হোসেন মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ডের আবেদন করে তাদের আদালতে হাজির করেন।
মামলার রিমান্ডের আবেদন থেকে জানা যায়, আসামিরা গত ২ জুন মিলন হোসেনের কাছে থেকে ইউটিউব চ্যানেলের কর্তৃত্বভার গ্রহণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানার বিরুদ্ধে ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন মিথ্যা অপপ্রচারমূলক প্রতিবেদন প্রকাশ করে আসছে। চ্যানেলটির সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় দেড় মিলিয়ন।
আবেদনে আরও বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদে তারা নিজেদের শিবিরকর্মী হিসেবে পরিচয় দিয়েছে। আসামি খালেদ বিন আহমেদ মিথ্যা অপপ্রচারমূলক সংবাদ প্রচারের মাধ্যমে অর্জিত ৪০ লাখ টাকা আল আরাফা ইসলামী ব্যাংকে ডিপোজিট করে, ১০ লাখ টাকা ব্র্যাক ব্যাংকে জমা রাখে এবং স্ত্রী সালমা আক্তারের নামে ইসলামী ব্যাংকে ৩ লাখ টাকা জমা করে।
উল্লেখ্য, শুক্রবার (৫ অক্টোবর) রাতে উত্তরা পশ্চিম থানাধীন ১৩ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডের ৩৭ নম্বর বাড়ির পঞ্চম তলা থেকে আসামিদের গ্রেফতার করে র্যাব। এই সময় তাদের কাছ থেকে কম্পিউটার ও ডিভাইস যাচাই করে বিভিন্ন স্ট্যাটাসহ সংবলিত ২৩টি লিংক পাওয়া যায়। এ ঘটনায় শনিবার দিবাগত রাতে র্যাব-১-এর ডিএডি মিজানুর রহমান বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় আইসি অ্যাক্টের ৫৭ ধারায় দুই জনকে আসামি করে মামলা দায়ে করেন।








