দণ্ড স্থগিত হলেও নির্বাচন করা যাবে না: হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০১৮, ১২:২৭আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ১৩:২৮



হাইকোর্ট বিচারিক আদালতের সাজার রায় বা দণ্ড উচ্চ আদালত (হাইকোর্ট) স্থগিত করলে কিংবা আপিল চলাকালে কোনও ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। তবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ দণ্ড স্থগিত কিংবা বাতিল করলে ওই ব্যক্তির নির্বাচনে অংশ নিতে কোনও বাধা থাকবে না বলে মন্তব্য করেছেন আদালত।

দুর্নীতির অভিযোগে বিচারিক আদালতে দায়ের হওয়া মামলার দণ্ড (কনভিকশন অ্যান্ড সেন্টেন্স) স্থগিত চেয়ে করা আবেদন খারিজ করে মঙ্গলবার (২৭ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ পর্যবেক্ষণ দেন।

দণ্ড স্থগিত চেয়ে আবেদন করা বিএনপির পাঁচ নেতা হলেন সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, বিএনপি সমর্থিত চিকিৎসকদের নেতা ডা. এ জেড এম জাহিদ হোসেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়া, ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও ঝিনাইদহ বিএনপির সভাপতি আলহাজ মো. মশিউর রহমান এবং ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মো. আবদুল ওহাব।

আদালতে সাবেক প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমানের পক্ষে ছিলেন আইনজীবী জাহিদুল ইসলাম। ডা.এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, আহসানুল করীম ও খায়রুল আলম চৌধুরী। ওয়াদুদ ভুঁইয়া ও আব্দুল ওহাবের পক্ষে ছিলেন ব্যারিস্টার রফিক-উল-হক, ও ব্যারিস্টার একেএম ফখরুল ইসলাম। মশিউর রহমানের পক্ষে ছিলেন ব্যারিস্টার আমিনুল হক ও ব্যারিস্টার মাহবুব শফিক। অন্যদিকে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

পরে ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, আসামিদের পক্ষে ফৌজদারি কার্যবিধির ৪২৬ ধারায় দণ্ড স্থগিত চেয়ে আবেদন করেছিলাম। কিন্তু আদালত বলেছেন, যে ধারায় (ফৌজদারি কার্যবিধির ৪২৬ ধারা) আবেদনগুলো করা হয়েছে সে ধারায় সাজা স্থগিতের কোনও বিধান নেই।

রায় ঘোষণাকালে আদালত তার পর্যবেক্ষণে বলেন, যদি এই সাজা স্থগিতও করা হয় তাতে কোনও লাভ হবে না। কেননা, সাজাপ্রাপ্ত ব্যক্তির নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সংবিধানে বাধা রয়েছে। যেহেতু সংবিধানে বাধা আছে সেহেতু অন্য কোনও আইনে সাজা স্থগিত হলেও কোনও লাভ হবে না।

পর্যবেক্ষণে আরও বলা হয়, আপিল চলাকালে (পেন্ডিং) সাজাপ্রাপ্ত ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন না। আপিল পেন্ডিং থাকলেও সাজা স্থগিত হয় না এবং নির্বাচন করতে পারবেন না।

খায়রুল আলম চৌধুরী আরও বলেন, সাজা স্থগিত করে নির্বাচনে অংশ নেওয়ার বেশ কিছু নজির আমরা আদালতকে দেখিয়েছি। কিন্তু সেই নজিরগুলো যুক্তিযুক্তভাবে আদালত গ্রহণ করেননি বলে আমরা মনে করছি। তাই এই আদেশের বিরুদ্ধে আমরা আপিলে যাবো।

তথ্য গোপন ও দুর্নীতির মাধ্যমে ৬ কোটি ৩৬ লাখ ২৯ হাজার ৩৫৪ টাকার সম্পদ অর্জন করায় ওয়াদুদ ভুঁইয়াকে মোট ২০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার রায় দেন চট্টগ্রামের বিভাগীয় স্পেশাল জজ আদালত। তিনি এ বিষয়ে আপিল করেন ২০০৯ সালের ২৮ এপ্রিল। পরে ওই বছরেই তিনি জামিন পান।

এছাড়া জ্ঞাত আয়বহির্ভূত ৯৩ লাখ ৩৬৯ টাকার সম্পদ অর্জন ও তথ্য গোপন করায় মো. আবদুল ওহাবকে যশোর স্পেশাল জজ গত বছরের ৩০ অক্টোবর ৮ বছরের সশ্রম কারাদণ্ড ও ত্রিশ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন। পরে তিনি এ বিষয়ে আপিল করে ৬ ডিসেম্বর জামিন নেন।

জ্ঞাত আয়বহির্ভূত প্রায় ১০ কোটি ৫ লাখ ৬৯ হাজার তিনশ’ টাকার সম্পদ অবৈধভাবে অর্জনের অভিযোগে ২০০৮ সালের ১৪ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার তৎকালীন সহকারী পরিচালক মোশরাফ হোসেন মৃধা মামলা করেন। এ মামলায় ২০১৭ সালের ২৫ অক্টোবর ঝিনাইদহ-২ (সদর ও হরিণাকুন্ডু) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মশিউর রহমানকে পৃথক ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। একইসঙ্গে ৭০ হাজার টাকা জরিমানা ও ১০ কোটি ৫ লাখ ৬৯ হাজার ৩৩০ টাকার সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দেন আদালত। পরবর্তীতে তিনি আপিল করে হাইকোর্ট থেকে জামিন নেন।
এছাড়া আমানউল্লাহ আমানকে দুর্নীতির মামলায় ২০০৭ সালের ২১ জুন বিচারিক আদালত ১৩ বছরের সাজা দেন। পরে তিনি আপিল করে হাইকোর্ট থেকে জামিন নেন বলে জানান আমিন উদ্দিন মানিক।

 

 

/বিআই/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম