বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও র্যাব যৌথভাবে ঢাকার বায়তুল মোকাররম মার্কেটের ৮টি দোকানে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ২৯৩টি অবৈধ মোবাইল ফোন (অনুমোদন ছাড়া দেশে প্রবেশ করা) ও মোবাইল নেটওয়ার্কে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী ১৫টি জ্যামার উদ্ধার করেছে। ১৮ ডিসেম্বর এই অভিযান পরিচালিত হয়। এসব ফোন ও জ্যামারের বাজার মূল্য ৬০ লাখ টাকা। কমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিটিআরসি’র স্পেকট্রাম বিভাগের পরিচালক লে. কর্নেল মো. আমিনুল হক এবং র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিদেশ থেকে বিটিআরসি’র অনুমোদন ব্যতীত অবৈধভাবে আমদানি করা মোবাইল ফোন জব্দ করা হয় যার বেশির ভাগই শাওমির বিভিন্ন মডেল ও সাব-ব্র্যান্ডের ফোন।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে ৮টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআই, ভোক্তা অধিকার ও ভ্রাম্যমাণ আদালত আইনের মাধ্যমে ১০টি মামলা দায়ের করা হয়েছে এবং এতে জড়িত প্রতিষ্ঠানগুলোর ২ জনকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসব অবৈধ কাজে জড়িত থাকায় ১১ জনকে ব্যক্তিকে গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
র্যাবের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত ২ জনকে এক বছর, ১ জনকে ছয় মাস, ৬ জনকে এক মাস, এবং ২ জনকে ১৫ দিন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিটিআরসির চলমান কার্যক্রমের অংশ হিসেবে এবং টেলিযোগাযোগখাতে শৃঙ্খলা আনতে অবৈধ বেতার যন্ত্রপাতির বিরুদ্ধে পরিচালিত এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।








