রাজধানীর বংশালে একটি লন্ড্রির দোকানে অসাবধানতাবশত ভাগ্নের ধারালো কাঁচির আঘাতে মামা সৌরভ হোসেনের (১৬) মৃত্যু হয়েছে। বুধবার (৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর দেড়টার দিকে সৌরভকে মৃত ঘোষণা করেন।
ওই লন্ড্রির দোকানের মালিক মাহিন হোসেন মাহি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সৌরভ দর্জির কাজ করতো। ইউনুস (১০) আমার লন্ডির দোকানে কাজ করে। তারা সম্পর্কে মামা-ভাগ্নে। দুপুরে সৌরভ লন্ড্রির দোকানে আসে। দুজনই কথাবার্তা বলছিল, পরে দুষ্টুমি করতে করতে ইউনুসের হাতে থাকা কাঁচি সৌরভের গলায় লেগে যায়। এতে গুরুতর হয় সৌরভ। সঙ্গে সঙ্গে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সৌরভকে মৃত ঘোষণা করেন।’
তিনি আরও জানান, চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার অলিপুর গ্রামের মনির হোসেনের ছেলে সৌরভ। তিন ভাই, এক বোনের মধ্যে সে ছোট। বর্তমানে পুরান ঢাকার সিদ্দিকবাজার এলাকাতেই থাকতো সৌরভ।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।’








