ঢাকার দুই সিটি করপোরেশনের মশক নিধন কার্যক্রমের কেনাকাটায় স্বচ্ছতা থাকা জরুরি বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান। তিনি বলেন, ‘প্রতিষ্ঠান সচেতন হলে ডেঙ্গুতে প্রাণহানি ঘটতো না।’ বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাবের উদ্যোগে এডিস মশা নিধনে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মোজাম্মেল হক খান বলেন, ‘ব্যক্তি পর্যায়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমেই পরিবার, প্রতিষ্ঠান তথা সার্বিকভাবে নগরের পরিচ্ছন্নতা বিকশিত হয়।’
সিটি করপোরেশনের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানকে সাধুবাদ জানিয়ে দুদক কমিশনার বলেন, ‘এডিস মশা নিধনে সিটি করপোরেশনের সমন্বিত অভিযানে অফিসার্স ক্লাব, বাংলাদেশ স্কাউটস, সার্বিকভাবে পাশে থাকবে। এডিস মশার কারণে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু বেদনার। ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সচেতনতা থাকলে হয়তো এভাবে মূল্যবান প্রাণহানি ঘটতো না।’
দুদক কমিশনার বলেন, ‘দুদক ২৫টি সরকারি সেবামূলক প্রতিষ্ঠানের দুর্নীতি-অনিয়ম-হয়রানি প্রতিরোধে ২৫টি প্রাতিষ্ঠানিক টিমের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। তার মানে এই নয় যে, ২৬ নম্বর টিম গঠন করে অন্য কোনও সংস্থার দুর্নীতি প্রতিরোধে এ জাতীয় কার্যক্রম পরিচালনা করা হবে না। প্রয়োজন হলে এ জাতীয় প্রাতিষ্ঠানিক টিম আরও গঠন করা হবে।’
এ সময় উপস্থিত ছিলেন অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক, সাবেক সচিব মো. ইব্রাহিম হোসেন খান, ঢাকা সিটি করপোরেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনসার আলী খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।







