রাজধানীর ফকিরাপুল এলাকায় ১০ বছর বয়সী এক পথশিশুর গায়ে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা ও তাদের গ্রেফতারে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একইসঙ্গে পথশিশুদের সুরক্ষায় কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়ে ৪০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে জানাতে নির্দেশ দিয়েছেন আদালত।
আবেদনের শুনানি নিয়ে বুধবার (১৮ ডিসেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মনিরুজ্জমান।
পথশিশুর গায়ে আগুনের ঘটনায় জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশ হয়েছে। ওইসব প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর ফকিরাপুল এলাকায় পথশিশু সেলিমের গায়ে সোমবার (১৬ ডিসেম্বর) বিকালে আগুন দেওয়া হয়। শিশুটির শরীরের ২৭ শতাংশ পুড়ে গেছে। শিশুটি শুধু নিজের নাম পুলিশকে বলতে পেরেছে। বাবা-মা কিংবা বাড়ির ঠিকানা, কিছুই জানাতে পারেনি।
তবে যারা সেলিমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসেন তারা শিশুটির নাম নিবন্ধন করিয়েছেন শাহীন নামে। পরে ওইসব প্রতিবেদন আদালতের নজরে আনেন আইনজীবী মো. মনিরুজ্জামান। প্রতিবেদন আমলে নিয়ে আদালত এ আদেশ দেন।







