ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ১৫ মার্চ ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি ) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ছিল। কিন্তু শাহবাগ থানা পুলিশ প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী নতুন তারিখ ধার্য করেন। আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রসঙ্গত, ২০১৭ সালের ২০ জুলাই সকালে শাহবাগে ৭ কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। তখন শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন। খুব কাছ থেকেই টিয়ারশেল ছোড়ায় তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুরের দুই চোখ নষ্ট হয়ে যায়। ওই বছরের ২১ জুলাই অজ্ঞাত ১২০০ জনকে আসামি করে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহার বাদী হয়ে মামলাটি করেন।








