রাজধানীর মধ্য বাড্ডায় আমিন মুন্সী (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি পেশায় রিকশাচালক। বুধবার (৪ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) হাসমত আলি জানান, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এসআই হাসমত আলি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আমিন। অন্য কোনও কারণ আছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আমিনের পরিবার জানিয়েছে সে নেশাগ্রস্থ ছিল।’
নিহতের স্ত্রী গোলাপি বেগম বলেন, ‘রাতে ঘুমানোর পরে ১২টার দিকে বাহিরে যায় আমিন। ভোরে ঘুম থেকে জেগে দেখি সে পাশে নেই। পরে সকালে উঠে দেখি বারান্দায় গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস অবস্থায় লাশ ঝুলছে। এরপর পুলিশে খবর দিলে তারা লাশ উদ্ধার করে।’
মধ্য বাড্ডা বাজার রোডের এগারো সরণিতে একটি ভাড়া বাসায় থাকতেন আমিন মুন্সি। তার একটি ছেলে সন্তান রয়েছে। সে রাজবাড়ী জেলার পাংশা থানার হাজী পাড়া গ্রামের আনছার মুন্সীর ছেলে।








