করোনা সংকটের সময়ে সারাদেশে অর্থনৈতিকভাবে অসচ্ছল জনগোষ্ঠীর তালিকা প্রস্তুত করে সেনাবাহিনীর মাধ্যমে ত্রাণ কর্মকাণ্ড পরিচালনা করার নির্দেশনা চেয়ে সরকারকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয় সচিব, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয় সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয় সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা এবং খাদ্য মন্ত্রণালয় সচিব এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালকের সরকারি ই-মেইলে এ নোটিশ পাঠানো হয়। শনিবার (১১ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান এ নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়, করোনার প্রভাবে স্বল্প আয়ের মানুষ, দিনমজুর, রিকশাচালক থেকে শুরু করে নানান পেশার মানুষ কর্মহীন হয়ে পড়েছে। অনেক মধ্যবিত্ত পরিবার লজ্জায় মুখ ফুটে সাহায্য চাইতে পারছে না। এসব পরিবারে নিত্য প্রয়োজনীয় খাদ্য এবং ওষুধের অভাব কিংবা ঘাটতি দেখা দিয়েছে। বিভিন্ন পত্র-পত্রিকা, টিভি মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে এ সংক্রান্ত নানান খবর প্রকাশ পেয়েছে। এই অবস্থায় সরকারের দায়িত্ব অর্থনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর তালিকা প্রস্তুত করে তাদের নিকট খাদ্য ও ওষুধ সামগ্রী পৌঁছে দেয়া।
নোটিশে আরও বলা হয়, ইতোমধ্যে ত্রাণ কাজে বিভিন্ন অনিয়ম, নির্বাচিত প্রতিনিধি কর্তৃক চাল চুরি ও মজুদ এবং সমন্বয়হীনতা লক্ষ্য করা গেছে। এই পর্যায়ে একমাত্র সেনাবাহিনীর মাধ্যমে এই ত্রাণ বিতরণ এবং সরবরাহের কাজ যথাযথভাবে পরিচালনা সম্ভব। তাই এ নোটিশ পাওয়ার আগামী ১ সপ্তাহের মধ্যে অর্থনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর তালিকা প্রস্তুত করে সেনাবাহিনীর মাধ্যমে তাদের নিকট খাদ্য ও ওষুধ সামগ্রী পৌঁছানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে অনুরোধ জানানো হচ্ছে।







