শ্রম মন্ত্রণালয়ের অধীন কেন্দ্রীয় তহবিলের মহাপরিচালক (ডিজি) ডা. এএমএম আনিসুল আউয়ালকে অব্যাহতি দিয়ে নতুন মহাপরিচালক নিয়োগের আদেশ ৩০ দিনের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। আনিসুল আউয়ালের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার (৮ জুন) বিচারপতি এম. ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী।
এর আগে গত ২ জুন শ্রম মন্ত্রণালয়ের এক আদেশে ডা. এএমএম আনিসুল আউয়ালকে অব্যাহতি দিয়ে নতুন মহাপরিচালক হিসেবে সাবেক অতিরিক্ত সচিব মো.আমীর হোসেনকে নিয়োগ দেওয়া হয়।
কিন্তু কোনও প্রকার নোটিশ না দিয়ে একইদিন একই আদেশে একজনকে অব্যাহতি দিয়ে আরেকজনকে নিয়োগ দেওয়া আইনবহির্ভূত। এছাড়া আনিসুল আউয়ালকে কোনও প্রকার আত্মপক্ষ সমর্থনেরও সুযোগ দেয়নি মন্ত্রণালয়। তাই আনিসুল আউয়াল মন্ত্রণালয়ের অব্যাহতিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন।







