নারী নির্যাতন ও যৌতুক দাবি করার অভিযোগে হাতিরঝিল থানায় দায়ের করা মামলায় সাংবাদিক রেজাউল করিম প্লাবনের ছোট ভাই নিজাম উদ্দিনকে জেলগেটের জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। রবিবার (২৮ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডল শুনানি শেষে দেন।
এদিন হাতিরঝিল থানায় মামলায় তদন্ত কর্মকর্তা সুব্রত দেবনাথ আসামিকে আদালতে হাজির করেন। এসময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ৫ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক আগামী ৩ কার্যদিবসের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
এদিন আসামির পক্ষের আইনজীবী অমূল্য কুমার দেবনাথ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।
এর আগে, শুক্রবার (২৬ জুন) রাতে কুড়িগ্রামের চিলমারীর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। মামলার তিন নম্বর আসামি নিজাম উদ্দিন।
মামলার বিবরণীতে বলা হয়েছে, গত ২ এপ্রিল যুগান্তরের স্টাফ রিপোর্টার প্লাবনের সঙ্গে বিয়ে হয় পারুলের। বিয়ের পর যৌতুক হিসেবে প্লাবন ঢাকায় একটি ফ্ল্যাট দাবি করেন। এছাড়া একাধিক নারীর সঙ্গে প্লাবনের অনৈতিক সম্পর্ক থাকার কথা জানতে পারেন পারুল। এসব অনৈতিক সম্পর্কে বাধা ও যৌতুক না দেওয়ায় তাকে নির্যাতন করা হয়। মারধরের কারণে পারুলের গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। ওই ঘটনায় গত ১১ মে হাতিরঝিল থানায় প্লাবনসহ পাঁচ জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন সাংবাদিক সাজিদা ইসলাম পারুল।








