করোনাভাইরাস পরীক্ষা জালিয়াতি করে অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় জেকেজি হেলথ কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আরিফুল হক চৌধুরী এবং চেয়ারম্যান সাবরিনা আরিফ চৌধুরীসহ ছয় জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দদুক)।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুদকের সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার (১৯ আগস্ট) ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ কে এম ইমরুল কায়েশের আদালত শুনানি শেষে এই অনুমতি দেন।
সূত্র জানায়, আসামিরা অন্য মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। সেজন্য তাদের জেলগেটে জিজ্ঞাসাবাদের আবেদন করেছেন দুদকের উপ-পরিচালক সেলিনা আখতার মনি। আবেদনের প্রেক্ষিতে বিচারক এই অনুমতি দেন।
মামলার অপর আসামিরা হলো, আ স ম সাঈদ চৌধুরী, হুমায়ুন কবির ওরফে হিমু ও তার স্ত্রী তানজীনা পাটোয়ারী এবং প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্সকারী জেবুন্নেছা রিমা।
এরআগে বৃহস্পতিবার করোনাভাইরাস পরীক্ষায় জালিয়াতির অভিযোগে জেকেজি হেলথ কেয়ারের আরিফুল ও সাবরিনাসহ আট জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সরাফুজ্জামান আনছারী ওই অভিযোগ গঠন করেন।








