বিয়ের কথা বলে সপ্তাহ জুড়ে তরুণীকে বাসায় আটকে রেখে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১১ অক্টোবর) বেলা বারোটায় ভিকটিমকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) তে ভর্তি করা হয়েছে। সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াজ উদ্দিন সরকার বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।
ভিকটিমের বরাত দিয়ে তিনি বলেন, ছয় সাত মাস পূর্বে ওই তরুণীর সাথে ফেসবুকের মাধ্যমে সবুজ নামে এক যুবকের পরিচয় হয়। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে । গত ৪ অক্টোবর সবুজ বিয়ের কথা বলে ওই তরুণী কে তার বাসায় নিয়ে যায়। কিন্তু বিয়ে না করে (১০ অক্টোবর) পর্যন্ত মিথ্যা আশ্বাস দিয়ে একাধিকবার তরুণীকে ধর্ষণ করেছে।
তরুণীর অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে তার প্রেমিক সবুজ ও তার সহযোগী সামাদকে গ্রেফতার করে সবুজবাগ থানা পুলিশ। শনিবার রাতেই তরুণী বাদী হয়ে মামলা করেন।








