বৈবাহিক ধর্ষণ সংক্রান্ত আইন নিয়ে হাইকোর্টের রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২০, ২১:২৯আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ২১:৩০

হাইকোর্ট নারী ও তের বছরের ঊর্ধ্বে কিশোরীদের বৈবাহিক ধর্ষণ অনুমোদনকারী আইনগুলো কেন বাতিল হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এসব আইন বাতিল করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বিবাদীদের কেন  নির্দেশ দেওয়া হবে না রুলে তাও জানতে চেয়েছেন আদালত। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবকে এসব রুলের জবাব দিতে বলা হয়েছে।
বৈবাহিক ধর্ষণ সংক্রান্ত দায়ের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার (৩ নভেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এসব রুল জারি করেন। রিট আবেদনকারী চারটি সংস্থা হলো, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), ব্র্যাক, নারীপক্ষ এবং মানুষের জন্য ফাউন্ডেশন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না, ব্যারিস্টার সারা হোসেন, জেনিফা জব্বার ও শারমিন আক্তার। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ রাসেল চৌধুরী।

ব্লাস্টের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারী ও তের বছরের ঊর্ধ্বে কিশোরীদের বৈবাহিক ধর্ষণ অনুমোদনকারী আইনগুলো যা বৈষম্যমূলক এবং বিবাহিত নারী ও কিশোরীদের মৌলিক অধিকার সমতা, বৈষম্যহীনতা, আইনের সুরক্ষা, জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকারের সুরক্ষা ক্ষুণ্ণ করে তা কেন বাতিল হবে না এবং এই আইনগুলো বাতিল করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

দণ্ডবিধির ৩৭৫ ধারার বৈবাহিক ধর্ষণ সম্পর্কিত ব্যতিক্রম দফা এবং এ সংশ্লিষ্ট দণ্ডবিধির ৩৭৬ ধারা, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১) ধারা, যেগুলো বিবাহিত নারী ও কিশোরীদের (তের বছরের ঊর্ধ্বে) স্বামী কর্তৃক ধর্ষণের বিচার প্রাপ্তির অধিকার ক্ষুণ্ণ করে। এসব ধারা চ্যালেঞ্জ করে গত ১ নভেম্বর এ রিট করা হয়।

ব্লাস্টের গবেষণা বিশেষজ্ঞ তাকবীর হুদা বলেন, টাঙ্গাইলের বালবিয়ের শিকার কিশোরীর মর্মান্তিক মৃত্যু আমরা বৃথা যেতে দিতে পারি না। কোনও নারীরই বৈবাহিক ধর্ষণ কাম্য নয়। তা অবশ্যই অপরাধের আওতায় আনতে হবে। অনেক দিন ধরে এ বিষয়টি নিয়ে দাবি জানানো হচ্ছিল।

টাঙ্গাইলের ঘটনার বিবরণী উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ অক্টোবর টাঙ্গাইলের চৌদ্দ বছরের এক কিশোরী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার পরে যৌনাঙ্গে মাত্রাতিরিক্ত রক্তক্ষরণের কারণে মারা যায়। সংযুক্ত আরব আমিরাত ফেরত ৩৪/৩৫ বৎসর বয়সী এক ব্যক্তির সঙ্গে গত ২০ সেপ্টেম্বর তার বিয়ে হয়েছিল। প্রতিবেদনে উল্লেখ করা হয় বিয়ের প্রথম রাত থেকেই ওই কিশোরীর যৌনাঙ্গে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল।

এই ঘটনার প্রেক্ষিতে ধর্ষণ আইন সংস্কারের দাবিতে রেপ ল’ রিফর্ম কোয়ালিশনের ১০ দফা দাবির পুনরায় বিভিন্ন পর্যায়ে তুলে ধরা হয়। জোরপূর্বক যৌনমিলনের ফলে অতিরিক্ত রক্তপাতের কারণে বিবাহিত কিশোরীর মৃত্যুর ঘটনা এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত নারীদের বিরুদ্ধে সহিংসতা সম্পর্কিত জাতীয় সমীক্ষায়(২০১৫) জানা গেছে, ২৭ দশমিক ৩ শতাংশ বিবাহিত নারী প্রতিনিয়ত তাদের স্বামীদের দ্বারা যৌন সহিংসতার শিকার হচ্ছেন, যার মধ্যে জোরপূর্বক শারীরিক মিলনও অন্তর্ভুক্ত। এমন পরিস্থিতিতে বিবাহিত নারী ও কিশোরীদের (তের বছরের ঊর্ধ্বে) সাংবিধানিক মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ৪টি মানবাধিকার সংস্থা ধর্ষণ সংক্রান্ত আইনের সংস্কার করে বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে গণ্য করার নির্দেশনা চেয়ে এই রিট আবেদনটি দায়ের করেছেন।

 

/বিআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান