ঢাকা-৮ আসনের সরকার দলীয় সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমের ১৩ বছরের কারাদণ্ডাদেশের মামলার ওপর হাইকোর্টে পুনরায় আপিল শুনানির জন্য উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (৯ নভেম্বর) বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চে বিষয়টি উপস্থাপন করা হয়। আদালতে দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান মনির।
পরে আইনজীবী খুরশীদ আলম খান জানান, আমি দুদক থেকে এ মামলা পরিচালনার জন্য নিয়োগপ্রাপ্ত হয়েছি। আজ মামলাটি শুনানির জন্য কার্যতালিকাভুক্ত করতে আদালতে আবেদন (মেনশন) করেছি। এখন কার্যতালিকায় এলে মামলাটির শুনানি হবে।
এর আগে ২০০৭ সালের ২৪ অক্টোবর হাজি সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করে। সে মামলায় ২০০৮ সালের ২৭ এপ্রিল হাজি সেলিমকে ১৩ বছরের কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত।
এরপর ২০০৯ সালের ২৫ অক্টোবর হাজি সেলিম বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। পরে ২০১১ সালের ২ জানুয়ারি হাইকোর্ট এক রায়ে হাজি সেলিমের সাজা বাতিল করেন।
পরবর্তীতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক। ওই আপিলের শুনানি শেষে ২০১৫ সালের ১২ জানুয়ারি হাইকোর্টের রায় বাতিল করে পুনরায় হাইকোর্টকে হাজি সেলিমের আপিলের শুনানি করতে নির্দেশ দেন আপিল বিভাগ।








