পোস্ট অফিসের মাধ্যমে পার্সেলযোগে অভিনব পন্থায় নিউ ইয়র্কে ইয়াবা পাচারের ঘটনায় ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলগাঁও থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, নাহিদ পারভেজ তাহিন (৩৭), মিজানুর রহমান জুয়েল (৩৮), মোহাম্মদ ইমাম হোসেন খান রাহাত (৪০) ও মোহাম্মদ রাজীব হাওলাদার (২৮)। সম্প্রতি নিউ ইয়র্কে পাঠানোর উদ্দেশে জিপিও-তে দুই হাজারেরও বেশি ইয়াবা জমা দিয়েছিলেন তারা।
বুধবার (৯ ডিসেম্বর) খিলগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার জুলফিকার আলী বিষয়টি নিশ্চিত করেন।
সহকারী পুলিশ কমিশনার জুলফিকার আলী বলেন, রবিবার (৬ ডিসেম্বর) খিলগাঁও থানার রামপুরা বনশ্রী এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক বিক্রয়ের জন্য অবস্থান করে। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা কক্সবাজার থেকে এসএ পরিবহনের মাধ্যমে পার্সেলে ইয়াবার চালান ঢাকা থেকে সংগ্রহ করেছে। এই ইয়াবার চালান গত রবিবার (৬ ডিসেম্বর) নিউ ইয়র্কে প্রেরণের উদ্দেশে জিপিও-তে জমা দিয়েছে।
এই পুলিশ কর্মকর্তা বলেন, অভিযুক্তদের দেওয়া তথ্যের ভিত্তিতে জিপিও কর্তৃপক্ষের সহযোগিতায় পার্সেলটি শনাক্ত করা হয়। জিপিও কর্তৃপক্ষের উপস্থিতিতে পার্সেল খোলা হলে এরমধ্যে দুটি জিন্স প্যান্টের কোমরের ফাঁকা জায়গায় এবং লেগ হোলের সেলাইয়ের ভেতর ফাঁকা জায়গায় পলিথিন দিয়ে প্যাকিং করা ৬৮টি স্ট্রাইক পাওয়া যায়। ৬৮টি স্ট্রাইক থেকে ২ হাজার ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মাদক সিন্ডিকেটের সঙ্গে সম্পৃক্ত অর্থ লগ্নিকারী এবং পৃষ্ঠপোষকদের বিষয়ে যাবতীয় তথ্য সংগ্রহের জন্য তদন্ত অব্যাহত আছে বলে জানান পুলিশ কর্মকর্তা জুলফিকার আলী। গ্রেফতারকৃতদের খিলগাঁও থানায় রুজুকৃত মামলায় আদালতে পাঠানো হয়েছে।








