ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) রাজস্ব বিভাগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৪ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে দুদকের এনফোর্সমেন্ট ইউনিট এই অভিযান পরিচালনা করে। ডিএসসিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএসসিসি’র লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার মো. সেলিম ও মো. দৌলতের অফিস কক্ষে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. আব্দুর রহমান ও মোহাম্মদ সাব্বির আলম নামে দুই দালালকে নগদ অর্থ, নতুন লাইসেন্স ও লাইসেন্স নবায়নের বিভিন্ন কাগজপত্রসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে দুই দালালের সঙ্গে দুজন লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজারের প্রাথমিক যোগসাজশের প্রমাণ পাওয়া যায়। দুই দালালকে খিলগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি ডিএসসিসি’র দুই লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজারকে তাৎক্ষণিক চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।







