যশোর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী মো. মারুফুল ইসলামের মনোনয়ন বাতিলের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে মারুফুল ইসলামের মনোনয়ন বাতিলকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন ও এনসিসি ব্যাংক কর্তৃপক্ষকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
এক রিট আবেদনের শুনানি নিয়ে বুধবার (১০ ফেব্রুয়ারি) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং ফারজানা শারমিন পুতুল। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
এর আগে এনসিসি ব্যাংকের ঋণ খেলাপির অভিযোগে যশোর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী মো. মারুফুল ইসলামের মনোনয়ন বাতিল করে জেলা রিটার্নিং কর্মকর্তা। পরে ওই আদেশের বিরুদ্ধে আপিলেড অথরিটি (জেলা প্রশাসক) বরাবর আপিল আবেদন করেন মারুফুল ইসলাম। আপিলেড অথরিটি জেলা রিটার্নিং কর্মকর্তার আদেশ বহাল রাখেন। এরপর ওই আপিল আদেশের বিরুদ্ধে গত ৯ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট দায়ের করেন মারুফুল।
প্রসঙ্গত, আগামী ২৮ ফেব্রুয়ারি যশোর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দিন ধার্য ছিল। তবে গত ৯ ফেব্রুয়ারি পৃথক পৃথক কয়েকটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে যশোর পৌরসভা,মুন্সীগঞ্জের মীর কাদিম ও জয়পুরহাটের কালাই পৌরসভা নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট।







