জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে দুদকের করা মামলায় পি কে হালদারের সহযোগী ইনকাম ট্যাক্সের অ্যাডভোকেট সুকুমার মৃধা ও তার মেয়ে অনিন্দিতা মৃধা স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়েছেন আদালতে।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালতে সুকুমার মৃধা অপরদিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াসির আহসান চৌধুরী আদালতে অনিন্দিতা মৃধা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালতে দুদকের সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এসব তথ্য নিশ্চিত করেন।
এদিন মালার তদন্ত কর্মকর্তা আসামি সুকুমার মৃধা ও তার মেয়ে অনিন্দিতা মৃধাকে রিমান্ড শেষে আদালতে হাজির করেন। আসামিরা দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মতি হওয়ায় তাদের জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ২১ জানুয়ারি তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গত ২১ জানুয়ারি সুকুমার মৃধা ও তার মেয়ে অনিন্দিতা মৃধাকে জিজ্ঞাসাবাদ শুরু করে দুদক কমিশনের সংস্থার উপ-পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন। এ সময় গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ায় তাদের গ্রেফতার করা হয়।
জানা যায়, পিকে হালদারের সহযোগী হিসেবে পরিচিত ২৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় উচ্চ আদালত। এ তালিকায় সুকুমার মৃধা ও তার মেয়ে অনিন্দিতা মৃধাও রয়েছেন। এ দুজনসহ ৬২ জনের ব্যাংক অ্যাকাউন্টও জব্দ করেছে দুদক।
এর আগে ২০২০ সালের ২১ জানুয়ারি এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার হালদারসহ (পিকে হালদার) ২০ জনের ব্যাংক হিসাব ও পাসপোর্ট জব্দের নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেড পরিচালনার জন্য স্বাধীন পরিচালক ও চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদকে নিয়োগ দেন আদালত।
প্রসঙ্গত, ইন্টারন্যাশনাল লিজিং থেকেই ১৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে পিকে হালদারের বিরুদ্ধে। এছাড়া সব মিলিয়ে তিনি প্রায় ৩৫০০ কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে একের পর এক সংবাদ প্রকাশিত হয়।







