নিউমার্কেট এলাকায় লকডাউনের প্রতিবাদে ও মার্কেট খোলা রাখার দাবিতে বিক্ষোভকালে গাড়ি ভাঙচুরের ঘটনায় দুইটি মামলা হয়েছে। রবিবার (৪ এপ্রিল) রাতে নিউমার্কেট থানায় অজ্ঞাতনামা তিন হাজার ৬০০ জনকে আসামি করে মামলা দুটি দায়ের করা হয়।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এ কাইয়ুম বাংলা ট্রিবিউনকে সোমবার (৫ এপ্রিল)এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘দুটি মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। একটি মামলায় পুলিশ কর্মকর্তা আবুল কালাম আজাদ বাদী হয়েছেন। অন্য মামলায় ক্ষতিগ্রস্ত একটি গাড়ির মালিক বাদী হয়ে মামলা দায়ের করেন।
তিনি বলেন, ‘পুলিশের দায়ের করা মামলায় তিন হাজার অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এছাড়া গাড়ি ভাঙচুরের শিকার এক ভুক্তভোগীর মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাতনামা ৬০০ জনকে। তবে এ ঘটনায় দায়ের করা মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি।’
তিনি জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। অপরাধীদের আইনের আওতায় আনতে অভিযান চলছে।
উল্লেখ্য, রবিবার (৪ এপ্রিল) নিউমার্কেট এলাকায় লকডাউনের প্রতিবাদে এবং স্বাস্থ্যবিধি মেনে মার্কেট খোলা রাখার দাবিতে বেশ কয়েকটি মার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীরা বিক্ষোভ ও মিছিল করেন। ওই সময় গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।









