আদালত ও বিচারকদের নিয়ে অবমাননাকর বক্তব্য দেয়ায় কেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বিরুদ্ধে একটি দায়ের করা হয়েছে। গত ২৮ ডিসেম্বর দেওয়া মন্ত্রীর বক্তব্য কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং তাকে আদালতে হাজির হয়ে তার বক্তব্য প্রসঙ্গে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারির জন্য রিট দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দিকে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এসএম জুলফিকার আলী জুনু এ রিটটি দায়ের করেন।
বিচারপতি সৈয়দ মোহাম্মাদ দস্তগীর হোসেন ও বিচারপতি শহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রিট আবেদন দাখিল করা হয়েছে।
এর আগে গত ২৮ ডিসেম্বর আদালত অবমাননাকর বক্তব্য দেওয়ার কথা উল্লেখ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বরাবর একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে নোটিশের জবাব না পাওয়ায় আইনজীবী আজ বৃহস্পতিবার এ রিট আবেদনটি দায়ের করেন।
এর আগে দেওয়া নোটিশে বলা ছিল, গত ২৭ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের এক আলোচনা সভায় হাইকোর্টের বিচারপতিকে কটাক্ষ করে বক্তব্য দেন মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মন্ত্রী তার বক্তব্যে ভুয়া মুক্তিযোদ্ধার পক্ষে হাইকোর্ট রায় দিয়ে বিচারকের চেয়ারকে কলঙ্কিত করেছেন। আমার কাছে হাইকোর্টের এ রায় আসার পর আমি ছুঁড়ে ফেলে দিয়েছি। আমি থাকতে কোনও রায় নিয়ে মুক্তিযোদ্ধা হওয়া যাবে না বলে বক্তব্য দেন। নোটিশে বলা হয়, মন্ত্রীর ওই বক্তব্য বিচার বিভাগের ওপর হুমকি ও আদালত অবমাননাকর।
নোটিশের কোনও জবাব না পেয়ে কেন এই মন্ত্রীর বক্তব্য অবৈধ ঘোষণা করা হবে না এবং তাকে সশরীরে আদালতে হাজির হয়ে তার বক্তব্য প্রসঙ্গে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়। রিটে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), মন্ত্রিপরিষদ সচিব, ঢাকা জেলার জেলা প্রসাশক, ডিএমপি কমিশনার ও মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে বিবাদী করা হয়েছে।
/ইউআই/এমএনএইচ/








