বেসরকারি মানবাধিকার সংস্থাগুলো তাদের নামের শেষে ‘কমিশন’ শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে ‘বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন’সহ বে-সরকারি মানবাধিকার সংস্থাগুলো তাদের নামের শেষে ‘কমিশন’ শব্দ ব্যবহার করতে পারবে না বলে জানিয়েছেন আইনজীবীরা।
এক আবেদনের শুনানি নিয়ে রবিবার (২২ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট বাকির উদ্দিন ভূঁইয়া। অন্যপক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. অজিউল্লাহ।
এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবু হানিফ কথিত ‘বাংলাদেশ মানবাধিকার কমিশন’ কর্তৃক নামের শেষে ‘কমিশন’ শব্দটি সর্বত্র ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা চেয়ে জনস্বার্থে হাইকোর্টে রিট দায়ের করেন। ওই রিটের শুনানি নিয়ে গত ২৯ জুন বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জাতীয় মানবাধিকার কমিশনের সঙ্গে সাংঘর্ষিক এবং আইনবিরোধী হওয়ায় বাংলাদেশ মানবাধিকার কমিশন তার নামের শেষে ‘কমিশন’ শব্দটি এবং নামের সংক্ষিপ্ত রূপ হিসেবে ‘বিএইচআরসি’ শব্দটি ওয়েবসাইট, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং প্রিন্ট মিডিয়ার কোথাও ব্যবহার করতে পারবে না মর্মে নিষেধাজ্ঞাদেশ দেন।
প্রসঙ্গত, কথিত বাংলাদেশ মানবাধিকার কমিশনসহ কোনও কোনও বেসরকারি সংগঠন তাদের সংস্থার নামের সঙ্গে ‘কমিশন’ শব্দটি ব্যবহার করে। এর ফলে দেশে-বিদেশে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা, গণমধ্যমসহ জনমনে জাতীয় মানবাধিকার কমিশন সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি করছে। এ অবস্থায় গত ১১ মার্চ জাতীয় মানবাধিকার কমিশন গণমাধ্যমে সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রচার করে।








