কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার চাকিরপশার নদী সুরক্ষার জন্য সংশ্লিষ্টদের একটি আইনি নোটিস পাঠিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।
পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়ের সচিব, রংপুর বিভাগীয় কমিশনার, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, পরিবেশ অধিদফতর, পানি উন্নয়ন বোর্ড, ভূমি জরিপ ও রেকর্ড অধিদফতরের মহাপরিচালক, পরিবেশ অধিদফতর রংপুরের পরিচালক, কুড়িগ্রামের জেলা প্রশাসক, কুড়িগ্রামের পুলিশ সুপার, রাজাহাটের সহকারী ভূমি কমিশনার এবং রাজারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে এ নোটিস পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১২ অক্টোবর) বেলা'র সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী সাঈদ আহমদ কবীর এ নোটিস প্রেরণ করেন।
নোটিস পাওয়ার পর ১৫ দিনের মধ্যে নদীটি থেকে অবৈধ দখল উচ্ছেদ, সেতুবিহীন আড়াআড়ি সড়কের স্থানে নদীকে বাধাহীনভাবে প্রবাহিত করা, অমৎসজীবীদের দেওয়া ইজারা বাতিল করার অনুরোধ জানানো হয়েছে।
একইসঙ্গে নোটিসে উক্ত এলাকায় আড়াআড়ি সড়ক নির্মাণ ও অবৈধ দখলদারদের কারণে জলাবদ্ধতাসহ অন্যান্য ক্ষতির পরিমাণ নিরুপণ করে সেই ক্ষতি দোষী ব্যক্তিদের নিকট থেকে আদায় করে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে বিতরণ করতে বলা হয়েছে।
নোটিসে চাকিরপশার নদীটি বিল শ্রেণীভুক্ত হওয়ায় প্রয়োজনে নদী বিশেষজ্ঞদের দ্বারা কমিটি গঠন করে চাকিরপশারকে নদী শ্রেণীভুক্ত করতে এবং তা জনস্বার্থে উন্মুক্ত রাখতে বলা হয়েছে।
পাশাপাশি নোটিসপ্রাপ্ত প্রতিষ্ঠান কী পদক্ষেপ গ্রহণ করেছে তা ১৫ দিনের মধ্যে লিখিতভাবে জানাতেও বলা হয়েছে। অন্যথায় এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিসে উল্লেখ করা হয়েছে।









