এই মুহূর্তে বড় হামলার সক্ষমতা জঙ্গিদের নেই বলে দাবি করেছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটি) প্রধান ও ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।
রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ের মিডিয়া সেন্টারে সোমবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, রাজধানী ও এর আশেপাশের চারটি স্থান থেকে জঙ্গিদের বিপুল পরিমান বিস্ফোরক জব্দ করে তা নিষ্ক্রিয় করা হয়েছে। ফলে এই মুহূর্তে তাদের বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর মতো সক্ষমতা নেই।
শুক্রবার রাতে মোহাম্মদপুর নবোদয় হাউজিংয়ের একটি বাসা থেকে বিপুল সংখ্যক বোমা ও বিস্ফোরক জব্দ করে ডিবি। শনিবার দিনব্যাপী সেগুলো নিষ্ক্রিয় করে ঢাকা মহানগর পুলিশের ‘বম্ব ডিসপোজাল ইউনিট’।
মনিরুল ইসলাম জানান, মোহাম্মদপুর থেকে উদ্ধারকৃত বোমা ও বিস্ফোরকগুলো শনিবার গভীর রাত পর্যন্ত নিষ্ক্রিয়ের কাজ হয়েছে। কিন্তু তারপরও সেদিন সব কাজ শেষ করা যায়নি। রবিবারও নিষ্ক্রিয় করার কাজ শেষ হয়েছে। পরে এ বিষয়ে মামলা করা হয়েছে।
তিনি জানান, এ ঘটনায় গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছি। কিছু তথ্যও পেয়েছি। রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে।
নাশকতার লক্ষবস্তু কী ছিল, জানতে চাইলে মনিরুল ইসলাম বলেন, বিপুল পরিমান বিস্ফোরক দেখে মনে হয়েছে, জঙ্গিরা বড় ধরনের কোনও আয়োজনে সেসব ব্যবহার করার কথা ভেবেছিল। এ মাসের বড় আয়োজন একুশে ফেব্রুয়ারি, সেটি সফলভাবে শেষ হয়েছে। এ আয়োজনে কোনও ধরনের নিরাপত্তা ঝুঁকি দেখা দেয়নি।
/এআরআর/এসএম/এজে








