প্রায় ১১ বছর আগে রাজধানীর উত্তরায় স্ত্রী সোনিয়াকে হত্যার অভিযোগে অধস্তন আদালতে দেওয়া মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেয়েছেন আসামি মশিউর রহমান সুখন।
আসামির ডেথ রেফারেন্স খারিজ ও আপিল মঞ্জুর করে রবিবার (২৮ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
আদালতে আসামির পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট এস এম শাহজাহান ও অ্যাডভোকেট মো. এহসান হাবিব। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইজাজ কবির।
এর আগে ২৫ লাখ টাকা যৌতুকের দাবিতে সোনিয়াকে গলাটিপে হত্যার অভিযোগে ২০১৫ সালের ৮ আগস্ট উত্তরা পশ্চিম থানায় মামলা করেন তার ভাই আব্দুল্লাহেল রাফী। এ মামলার বিচার শেষে ২০১৯ সালের ৩১ মার্চ সোনিয়ার স্বামী মশিউর রহমান সুখনের মৃত্যুদণ্ড দেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক শরীফ উদ্দীন।
পরে আসামির মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামি জেল আপিল ও ফৌজদারি আপিল করেন।
আসামির খালাস প্রসঙ্গে আইনজীবী এহসান হাবিব জানান, সোনিয়ার মৃত্যু হয় ২০১৫ সালের ২৫ জুলাই। ঘটনার ১৩ দিন পর ৮ আগস্ট মামলা করা হয়। চিকিৎসক এসে সোনিয়াকে মৃত ঘোষণা করে সার্টিফিকেট দেন। কিন্তু মামলায় চিকৎসককে সাক্ষী করা হয়নি। এছাড়া ময়নাতদন্তেও নানান গড়মিল ছিল।
এ মামলার বাদীপক্ষ সোনিয়ার মৃত্যুর পর তাকে স্বাভাবিকভাবে তার বাবার বাড়িতে দাফন করে। কিন্তু ১৩ দিন পরে তারা ২৫ লাখ টাকা যৌতুকের দাবিতে হত্যা মামলা করে; যা আদালতের কাছে প্রমাণিত হয়নি। এ জন্য আসামি হাইকোর্টে খালাস পেয়েছেন বলেও আইনজীবী জানান।









