রাজধানীর গুলিস্তানে ছয় বছর বয়সী এক কন্যাশিশুকে যৌন নিপীড়নের অভিযোগে রিয়াদ গাজী (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসার জন্য মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) ভোরে গুলিস্তান মতিউর রহমান পার্কে এ ঘটনা ঘটে।
পল্টন থানার এসআই তুষার দেবনাথ বাংলা ট্রিবিউনকে জানান, শিশুটির পরিবার গুলিস্তান এলাকায় থাকেন। তাদের বাড়ি বরিশালে। গুলিস্তানে ভাসমান অবস্থায় থাকে। শিশুটির বাবা ও মা ঘুরে ঘুরে পানি এবং কলম বিক্রি করেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গুলিস্তান মতিউর রহমান পার্কের পাশের রাস্তা পার হওয়ার সময় মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় শিশুটি।
এরপর বাবা-মা শিশুটিকে খোঁজাখুঁজি করতে থাকে। সকাল সাড়ে ৭টার দিকে থানায় খবর আসে, এক যুবককে গণধোলাই দিয়ে স্থানীয়রা গুলিস্তান আহাদ পুলিশ বক্সে হস্তান্তর করেছে। পরে সেখানে গিয়ে ওই যুবককে হেফাজতে নেওয়া হয়।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ভোরের দিকে গুলিস্তান মতিউর রহমান পার্কের উত্তর পাশের কোনায় বটগাছের নিচে রিয়াদ গাজী শিশুটিকে যৌন নির্যাতন করে এবং ধর্ষণের চেষ্টা করছিল। তখন স্থানীয়রা দেখে তাকে আটক করে এবং গণধোলাই দেয়।
তুষার দেবনাথ আরও জানান, শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতার যুবকের বাড়ি চাঁদপুরের সদর উপজেলায়। ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।









