রাজধানীর বনানী থানায় অস্ত্র আইনে দায়ের করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন শুনানির নতুন তারিখ আগামী ২৩ আগস্ট নির্ধারণ করেছেন আদালত।
বুধবার (২২ জুলাই) ঢাকার ৪ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মঈন উদ্দিন চৌধুরী আসামি পক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এদিন কারাগার থেকে আনিসুল হককে আদালতে হাজির করা হয়।
আসামি পক্ষের আইনজীবী মো. সুমন হোসাইন আদালতে সময়ের আবেদন করে বলেন, মামলার নিয়োজিত সিনিয়র আইনজীবী হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তিনি শুনানিতে উপস্থিত থাকতে পারেননি। ফলে প্রস্তুতির জন্য আরও কিছু সময় প্রয়োজন, অন্যথায় আসামিপক্ষ অপূরণীয় ক্ষতির সম্মুখীন হতে পারে।
মামলার অভিযোগে বলা হয়, আনিসুল হক বনানী থানার আওতায় নিজের নামে লাইসেন্সপ্রাপ্ত একটি পিস্তলের মালিক। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ব্যক্তিগত নিরাপত্তার জন্য ইস্যু করা সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে। পাশাপাশি ২০২৪ সালের ৩ সেপ্টেম্বরের মধ্যে অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেয়। তবে তিনি ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ৫ মে পর্যন্ত নির্ধারিত অস্ত্রটি থানায় জমা দেননি কিংবা এ বিষয়ে থানাকে অবহিতও করেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এছাড়া, তার ঠিকানায় গিয়ে কাউকে পাওয়া যায়নি এবং অস্ত্র জমা সংক্রান্ত কোনও তথ্যও মেলেনি। তদন্তে তার নামে কোনও গুলি ক্রয়ের তথ্যও পাওয়া যায়নি বলে অভিযোগে বলা হয়েছে। এ ঘটনায় বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. জানে আলম দুলাল মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে ২০২৫ সালের ২৯ আগস্ট আনিসুল হকের বিরুদ্ধে বনানী থানার উপপরিদর্শক মো. ইয়াদুল হক আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৩ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে আনিসুল হককে গ্রেফতার করা হয়। এরপর বিভিন্ন হত্যা ও হত্যাচেষ্টা মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবার অস্ত্র মামলায় রিমান্ডে







