পুরান ঢাকার কামরাঙ্গীরচরে নির্মাণাধীন ভবনে দুই শ্রমিকের মারামারি থামাতে গিয়ে কিল-ঘুষিতে শাকিব (৩৫) নামে একজন নিহত হয়েছেন। তিনি ওই ভবনে রাজ মিস্ত্রির কাজ করতেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৮টার দিকে কামরাঙ্গীরচরের মাহাদিনগর ১৮ নম্বর রোডের একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
শাকিব নোয়াখালীর মাইজদী এলাকার ভাটিরটেক গ্রামের বাসিন্দা। বর্তমানে কামরাঙ্গীরচরের মাহাদিনগর এলাকায় থাকতেন।
তাকে হাসপাতালে নেওয়া অরেক সহকর্মী মুনছুর আলী জানান, তারা ওই ভবনে রাজ মিস্ত্রির কাজ করছিলেন। সকালে ভবনের তিন তলায় জাহাঙ্গীর ও ইয়াসিন নামে দুই শ্রমিকের মধ্যে কাজের বিষয় নিয়ে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাদের মধ্যে মারামারি শুরু হয়। শাকিব এগিয়ে গিয়ে তাদের থামাতে চেষ্টা করে। ধস্তাধস্তি ও কিল-ঘুষিতে পড়ে গিয়ে সে অচেতন হয়ে পড়ে। অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।









