বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ঘিরে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন এক যুবলীগকর্মী। তার নাম অর্নব দাস।
পুলিশ বলছে, অর্নব দাস টাঙ্গাইল জেলা যুবলীগের কর্মী। শনিবার (১৫ আগস্ট) সকালে ফুল নিয়ে ৩২ নম্বরে প্রবেশের চেষ্টা করেন। পরে তাকে আটক করেন দায়িত্বরত আইনশৃঙ্ক্ষলা বাহিনীর সদস্যেরা।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, অর্নব সকালে ধানমন্ডির ৩২ নম্বরে ফুল নিয়ে প্রবেশের চেষ্টা করেন। পরে তাকে আটক করা হয়। তার বাড়ি টাঙ্গাইল। সেখানকার যুবলীগের কর্মী তিনি।
অর্নবের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানান ওসি।
৩২ এ রিকশা চালককে পুলিশে সোপর্দ করার বিষয়ে ওসি ইমদাদুল জানান, এমন কোনও ঘটনার বিষয়ে তার জানা নেই।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনটি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে এলাকাটি সাধারণ মানুষের প্রবেশের ক্ষেত্রে নিয়ন্ত্রিত রয়েছে। ১৫ আগস্টকে কেন্দ্র করে আজ সেই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও বেড়েছে। আশপাশের এলাকায়ও নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ ও র্যাবের অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে সেখানে।
ধানমন্ডি ৩২ নম্বরের মূল প্রবেশপথে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। ব্যারিকেডের ভেতরে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। জলকামানও প্রস্তুত রাখা হয়েছে।









