চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে উসকানিমূলক বক্তব্য দেওয়ার ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় সাংবাদিক শ্যামল দত্তসহ তিন জনকে আগামী ২৪ আগস্ট হাজিরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অন্য দুই সাংবাদিক হলেন, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা।
প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদের একক বেঞ্চ এ আদেশ দেন।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ।
তিনি ট্রাইব্যুনালকে জানান, ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থান ঘিরে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত টকশো বা অন্যান্য অনুষ্ঠানে উসকানিমূলক বক্তব্য দেন সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা। এ ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্তে এরই মধ্যে এই তিন সাংবাদিকের সংশ্লিষ্টতা পেয়েছে তদন্ত সংস্থা। এ জন্য তাদের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট চাই।
শুনানি শেষে আবেদন মঞ্জুর করে তিন সাংবাদিকের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করে আগামী ২৪ আগস্ট হাজিরের নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৪ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তিন সাংবাদিক মামলায় বর্ণিত অপরাধে প্ররোচনা দিয়েছিলেন। তার চীন সফর নিয়ে সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সংবাদ সম্মেলনে শেখ হাসিনা কোটা ইস্যু নিয়ে মন্তব্য করেছিলেন এবং ‘রাজাকার’ শব্দটি ব্যবহার করেছিলেন, শিক্ষার্থীরা এই শব্দকে অবমাননাকর বলে বর্ণনা করেছিলেন। এসব মন্তব্যের জেরে ওই রাতেই বিক্ষোভ শুরু হয়।
তাই ওই বিষয়ে প্রসিকিউশনের অভিযোগ, ২০২৪ সালের ১৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র আন্দোলনের বিরুদ্ধে একটি ‘কাউন্টার-ন্যারেটিভ’ তৈরি করেছিলেন শ্যামল দত্ত, মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপা। তৎকালীন সময়ে মোজাম্মেল হক বাবু একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক এবং ফারজানা রুপা চ্যানেলটির প্রধান প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেন। শ্যামল দত্ত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক।
প্রসিকিউশন আরও জানায়, জুলাই গণঅভ্যুত্থানে সাংবাদিক, লেখকসহ বিভিন্ন পেশার ব্যক্তিদের আন্দোলনের বিপক্ষে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে মামলাটি পৃথকভাবে তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
কারাগার থেকে কীভাবে গাড়ি পোড়ান সাবেক মেজর সাদিক, ব্যাখ্যা দিলো পুলিশ