শাহজালাল বিমানবন্দরে ৬২৫ কার্টুন সিগারেটসহ প্রায় ২৮ লাখ টাকার পণ্য আটক করা হয়েছে। জব্দকৃত মালামালের মধ্যে আরও রযেছে আমদানি নিষিদ্ধ ক্রিম, জর্দা ও বিদেশি লিকার। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের ‘বি’ ও ‘সি’-শিফটের পৃথক অভিযানে এসব মালমাল জব্দ করা হয়।
রবিবার (৩০ আগস্ট) এ অভিযানগুলো পরিচালনা করা হয়। জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ বিভাগ থেকে সোমবার (৩১ আগস্ট) এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ‘বি’ শিফট দুবাই থেকে আগত এমিরেটস ফ্লাইটে বিশেষ নজরদারি চালায়। গ্রিন চ্যানেল অতিক্রমকালে যাত্রী হিমেলের ব্যাগেজ তল্লাশি করে ২৭০ কার্টুন সিগারেট ও ১ দশমিক ২৪ কেজি আমদানি নিষিদ্ধ ক্রিম এবং একই ফ্লাইটের সহযাত্রী শারমিন আক্তারের এর কাছ থেকে আরও ২৭০ কার্টন সিগারেট আটক করা হয়। এ অভিযানে মোট ৫৪০ কার্টুন সিগারেট ও ১ দশমিক ২৪ কেজি আমদানি নিষিদ্ধ ক্রিম আটক করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৮০ হাজার টাকা।
অন্যদিকে ‘সি’ শিফট দিল্লি থেকে আগত এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে নজরদারি চালায়। রাত আনুমানিক ২টা ১০ মিনিটে ফ্লাইটটি অবতরণের পর যাত্রী মেহেদি হাসান বাবুর কাছ থেকে ৩১ কার্টন সিগারেট ও ১৩২ পিস আমদানি নিষিদ্ধ ক্রিম এবং সদুর হাসান সাকলের কাছ থেকে ৫৪ কার্টন সিগারেট, ১৪৪ পিস আমদানি নিষিদ্ধ ক্রিম ও ৩ কেজি জর্দা আটক করা হয়।
এ ছাড়া কাতার থেকে আগত ফ্লাইটের যাত্রী রফিকুল সর্দারের ব্যাগ তল্লাশি করে ৩ লিটার বিদেশি লিকার আটক করা হয়। প্রদত্ত সারসংক্ষেপ অনুযায়ী ‘সি’ শিফটের অভিযানে মোট ৮৫ কার্টন সিগারেট, ২৭৬ পিস আমদানি নিষিদ্ধ ক্রিম, ৫ কেজি জর্দা ও ৩ লিটার লিকার আটক করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ২০ হাজার টাকা।
একদিনেই দুই শিফটের অভিযানে ৬২৫ কার্টুন সিগারেটসহ প্রায় ২৮ লাখ টাকার পণ্য আটক করা হয়।

প্রবাসীর ৪০ লাখ টাকার স্বর্ণ ছিনতাই, বিএনপি-ছাত্রদল ২ নেতা গ্রেফতার







