রাজধানীর মিরপুরে অটোরিকশা থেকে জিম্মি এক কিশোরকে উদ্ধার করেছে পল্লবী ট্রাফিক জোনের পুলিশ। এছাড়া মোহাম্মদ রাব্বি (১৯) নামে এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে।
ট্রাফিক পল্লবী জোনের বরাত দিয়ে ডিএমপির ড্সি (মিডিয়া) মো. আকতার হোসেন বলেন, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে পল্লবী থানার মিরপুর বাংলা স্কুল গ্যাপ এলাকায় দায়িত্ব পালন করছিলেন পল্লবী ট্রাফিক জোনের একজন পুলিশ সদস্য। এ সময় রাস্তার পাশে একটি অটোরিকশা দাঁড়িয়ে থাকতে দেখে তার সন্দেহ হয়। পরে তিনি অটোরিকশাটির কাছে গেলে ভেতর থেকে অর্ক নামে এক কিশোর চিৎকার করে সাহায্য চায়।
তাৎক্ষণিকভাবে অটোরিকশাটি থেকে মোহাম্মদ রাব্বিকে আটক এবং ওই কিশোরকে উদ্ধার করেন পুলিশ সদস্য। এ সময় তার সঙ্গে থাকা আরও তিন জন পালিয়ে যায়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাব্বিকে পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে। পালিয়ে যাওয়া তিন জনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।









