সুপ্রিম কোর্ট, অ্যাটর্নি জেনারেল কার্যালয়সহ বিচারাঙ্গনের কোথাও অনিয়ম, অনাচার বা দুর্নীতি দেখলে তা বস্তুনিষ্ঠভাবে সংবাদমাধ্যমে তুলে ধরার আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
এসআরএফ সদস্যদের সঙ্গে নিজের আত্মিক সম্পর্কের কথা উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, সাংবাদিকতা পেশায় দীর্ঘদিন কাজ করার সুযোগ হওয়ায় সাংবাদিকদের সুখ-দুঃখ ও পেশাগত চ্যালেঞ্জ তিনি কিছুটা বোঝেন। বিচারাঙ্গনে কোনও অনিয়ম বা দুর্নীতি চোখে পড়লে তা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি বলেন, অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব নেওয়ার পর আদালতকেন্দ্রিক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রকাশিত প্রতিবেদনের সুফল পাওয়া গেছে।
একটি উদাহরণ তুলে ধরে রুহুল কুদ্দুস কাজল বলেন, একই বিষয়ে হাইকোর্টের একাধিক বেঞ্চে পিটিশন করে আদেশ নেওয়ার একটি ঘটনা তার নজরে এসেছে। বিষয়টি সংশ্লিষ্ট আদালতের দৃষ্টিতে আনা হয়েছে এবং প্রয়োজনীয় নথি পর্যালোচনার পর আদালত পরবর্তী আদেশ দেবেন।
বিচারাঙ্গন আইনজীবীদের রুটি-রুজির জায়গা উল্লেখ করে তিনি বলেন, দু-একজনের অনিয়মের কারণে পুরো পেশার মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তবে শুধু নেতিবাচক খবর নয়, বিচারাঙ্গনে ইতিবাচক কর্মকাণ্ডও তুলে ধরার আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, প্রধান বিচারপতির কর্মতৎপরতায় সম্প্রতি আপিল বিভাগ ও হাইকোর্টে বিপুলসংখ্যক মামলা নিষ্পত্তি হয়েছে। এসব তথ্যও জনগণের সামনে তুলে ধরা প্রয়োজন।
রুহুল কুদ্দুস কাজল বলেন, আদালত সম্পর্কে মানুষের কাছে যেন ভুল বার্তা না যায়, সেদিকে সবাইকে দায়িত্বশীল হতে হবে। সঠিক তথ্য মানুষের সামনে তুলে ধরাই প্রত্যাশা।
দুপুর ১টায় সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অ্যাটর্নি জেনারেল।
এসআরএফ সভাপতি মো. দিদারুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
এ সময় হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. নুরুল আমিন বিপ্লব, আপিল বিভাগের রেজিস্ট্রার, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার), ডুলা সভাপতি শেখ আলী আহমেদ খোকন, বাংলাদেশ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জহিরুল আমিন, প্রসিকিউটর মঈনুল করিম, প্রসিকিউটর তারেক আবদুল্লাহসহ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এর আগে দুপুর সোয়া ১২টায় সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি কোর্ট প্রাঙ্গণ প্রদক্ষিণ করে মূল ভবনের ফোয়ারার সামনে গিয়ে শেষ হয়। এতে এসআরএফের নেতৃবৃন্দ ও সুপ্রিম কোর্টে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
২০২৪ সালে পেশাগত দায়িত্ব পালনে পারস্পরিক সহযোগিতা, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা এবং আদালতসংক্রান্ত সংবাদ দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার লক্ষ্য নিয়ে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের যাত্রা শুরু হয়।
‘দলীয় পরিচয় বিবেচনার সুযোগ নেই’, অপরাধীদের নিয়ে আইজিপির হুঁশিয়ারি