রাজধানীর মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ) হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) পাথরের আঘাতে হত্যার মামলায় গ্রেফতার প্রধান আসামি মাহমুদুল হাসান মহিনকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।
রবিবার (৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত এ আদেশ দেন।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি সৈয়দ হাসান যুবাইরের হাইকোর্ট বেঞ্চ রুলসহ ছয় মাসের জামিন আদেশ দেন। এ আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
২০২৫ সালের ৯ জুলাই মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে প্রকাশ্যে নৃশংসভাবে লাল চাঁদকে হত্যা করে একদল লোক। পরদিন রাজধানীর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন নিহত লাল চাঁদের বোন মঞ্জুয়ারা বেগম।
মামলায় ১৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়। এ মামলায় গত ১২ জুলাই ২১ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোসাদ্দেক মিনহাজ।