রাজধানীর বংশাল থানাধীন মিরনজিল্লা হরিজন পল্লীতে গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার ঘটনায় প্ররোচনার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বংশাল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- মিনাক্ষী রানী (৩০) ও বিকি বাবু ওরফে শ্রী বিকি হেলা।
ডিএমপি মিডিয়া এসব তথ্য জানায়।
বংশাল থানা সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর সকালে ভিকটিম নিশা রানী (২৮) তার বান্ধবী মিনাক্ষী রানী দাসের সাথে ঢাকেশ্বরী মন্দিরে পূজা দিতে যান। সেখানে মিনাক্ষী রানীর সাথে তার কথিত প্রেমিক বিকি বাবু ওরফে শ্রী বিকি হেলার দেখা হয়। পরে তারা এক সাথে মন্দির থেকে বের হয়ে নাস্তা করেন এবং এরপর রমনা কালী মন্দিরে যান। রমনা কালী মন্দিরে পূজা শেষে মিনাক্ষী রানীর সাথে বিকি বাবু ওরফে শ্রী বিকি হেলার ঘনিষ্ঠ আচরণকে কেন্দ্র করে ভিকটিম নিশা মানসিকভাবে ক্ষুব্ধ হন। একপর্যায়ে তিনি মন্দিরের পাশের একটি বাথরুমে গিয়ে নিজের মাথায় আঘাত করার চেষ্টা করেন। পরে মিনাক্ষী রানী তাকে সেখান থেকে নিয়ে একটি রেস্টুরেন্টে যান। রেস্টুরেন্টের ভেতরেও নিশা নিজের গলার নিচে নখ দিয়ে আঘাত করার চেষ্টা করেন। পরবর্তীতে নিশা ও মিনাক্ষী নিজ নিজ বাসায় ফিরে যান।
একই দিন বিকেলে মিনাক্ষীর স্বামী কর্মস্থল কুমিল্লার উদ্দেশে বাসা থেকে বের হয়ে গেলে সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিটের দিকে বিকি বাবু ওরফে শ্রী বিকি হেলা মিনাক্ষীর বাসায় আসেন। এ সংবাদ পেয়ে নিশাও সেখানে যান।
একপর্যায়ে বিকি বাবু ওরফে শ্রী বিকি হেলা ও মিনাক্ষী রানী তাদের সম্পর্কের মধ্যে বাধা দেওয়ার অভিযোগে নিশাকে গালমন্দ ও অপমানজনক কথাবার্তা বলে মানসিকভাবে নির্যাতিত করে। এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে নিশা গত ২ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে বংশাল থানাধীন সিটি কলোনীতে মিনাক্ষীর বাসার ভেতর তাদের সম্মুখে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে আশপাশের লোকজন গুরুতর দগ্ধ অবস্থায় নিশা রানীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৪ অক্টোবর রাত ১ টা ২৫ মিনিটে তিনি মারা যান। এ ঘটনায় নিহত নিশা রানীর পরিবারের অভিযোগের প্রেক্ষিতে বংশাল থানায় একটি মামলা দায়ের করা হয়।
উক্ত মামলাটি দায়ের করার পর বংশাল থানা পুলিশ গোয়েন্দা তথ্য, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও প্রযুক্তির সহায়তায় হত্যার ঘটনায় জড়িতদের সনাক্ত করে।
পরবর্তীতে আজ সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৬ টার দিকে বংশাল থানাধীন এলাকা থেকে মিনাক্ষী রানীকে এবং রাত আনুমানিক সাড়ে ৩ টায় সিরাজগঞ্জ জেলার নাবিল হাইওয়ে হোটেল থেকে বিকি বাবু ওরফে শ্রী বিকি হেলাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
‘আন্দোলন দমনে সিভিলিয়ান লিডার ছিলেন হানিফ’, কুষ্টিয়া হত্যা মামলায় সর্বোচ্চ সাজার দাবি